ভারতীয় ব্যাটার হিসেবে বিরল মাইলফলক অর্জন শ্রেয়াসের

প্রথম ইনিংসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এল ৬৫

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo Source: Twitter/BCCI)

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত যখন ৫১/৫-এ সমস্যায়, তখন সেখান থেকে একটি অবিস্মরণীয় ইনিংস খেলে ভারতকে সমস্যা থেকে উদ্ধার করেন শ্রেয়াস আইয়ার। প্রথম ইনিংসের শতরানের পর দ্বিতীয় ইনিংসে এল একটি লড়াকু হাফ সেঞ্চুরি। প্রথম ইনিংসের ১০৫-এর পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এল ৬৫ রান। এই ইনিংসের ফলে শ্রেয়াস প্রথম ভারতীয় হিসেবে একটি মাইলফলক অর্জন করলেন।

বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো খেলোয়াড়রা বিশ্রাম পাওয়ায় এবং কেএল রাহুলের চোটের কারণে আইয়ার প্রথম একাদশে স্থান পেয়েছেন। সুযোগ পেয়েই আইয়ার পরপর দুই ইনিংসে মনে রাখার মতো একটি পারফরম্যান্স দেখালেন। সুনীল গাভাস্কারের পর তিনি প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টের দুই ইনিংসেই ৫০-এর উপর রান করলেন। তবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব ভারতীয় হিসেবে একমাত্র শ্রেয়াসই অর্জন করলেন।  

টেস্ট অভিষেকে ভারতীয় পুরুষ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের তালিকায় মুম্বইয়ের ডানহাতি এই খেলোয়াড় তৃতীয় স্থানে আছেন। শিখর ধাওয়ান তাঁর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৭ রান করে তালিকার শীর্ষে। 

বিরল মাইলফলক অর্জন করার পাশাপাশি শ্রেয়াস ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিতেও সাহায্য করেছেন

প্রথম ইনিংসে শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরি ভারতকে ৩৪৫ রানে পৌঁছাতে সাহায্য করেছিল। দ্বিতীয় ইনিংসে যখন কিউয়ি পেসাররা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তখন মনে হচ্ছিল ভারতের ব্যাটিং বিপর্যয় কেউ আটকাতে পারবেন না। তখনই পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন আইয়ার।  

১৪/১ থেকে চতুর্থ দিন শুরু করে ভারত প্রথম ঘণ্টাতেই চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানেকে হারায়। ৪১/৩ স্কোরে ব্যাট করতে নামেন আইয়ার। কিছুক্ষণের মধ্যেই মায়াঙ্ক আগরওয়াল ও রবীন্দ্র জাডেজাকে হারিয়ে ভারত ৫১/৫ হয়ে যায়। সেখান থেকে প্রথমে রবিচন্দ্রন অশ্বিন ও পরে ঋদ্ধিমান সাহাকে সঙ্গী করে শ্রেয়াস ভারতের ইনিংস উদ্ধারের কাজে নামেন। 

২৬ বছর বয়সী আইয়ার ষষ্ঠ উইকেটে ৫২ রানের জুটি গড়েন অশ্বিনকে (৩২) নিয়ে। তারপর ঋদ্ধিমানকে (৬১*) নিয়ে সপ্তম উইকেটে তিনি ৬৪ রান যোগ করেন। নিউজিল্যান্ডের সামনে বড় লক্ষ্য খাড়া করার জন্য আইয়ারের ৬৫ রানের ইনিংসটি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। 

কানপুরে দ্বিতীয় ইনিংসে ১২৫ বল খেলেন আইয়ার। তাঁর ৬৫ রানের ইনিংসটি সাজানো ছিল আটটি বাউন্ডারি এবং একটি ছক্কা দিয়ে।