পাকিস্তানের পেসত্রয়ীর সঙ্গে ভারতের বর্তমান পেস আক্রমণের তুলনা টানলেন সঞ্জয় মঞ্জরেকার
এতো বেশী সংখ্যক ভালো পেসারের উত্থান ভারতীয় ক্রিকেটে বিরল, মত সঞ্জয়ের
আপডেট করা - Jan 3, 2022 10:37 am

প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার মনে করেন যে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি সমন্বিত ভারতের বর্তমান পেসত্রয়ীর আক্রমণ পাকিস্তানের ঐতিহাসিক ফাস্ট বোলিং আক্রমণের সঙ্গে সমতুল্য। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্টে ১১৩ রানে জয়লাভ করার পর বিরাট কোহলি অ্যান্ড কোং বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।
ভারতীয় পেসত্রয়ীর উত্থানের কারণেই সাম্প্রতিক সময়ে ভারত বিদেশে নিয়মিত জিতছে, মত সঞ্জয়ের
কেএল রাহুল প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেলেও, প্রোটিয়া ব্যাটিংকে দুই ইনিংসেই স্বল্প রানে সীমাবদ্ধ রাখার কৃতিত্ব পেসারদের। প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ ম্যাচে আট উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে শামি আলাদা করে নজর কেড়েছিলেন। মঞ্জরেকার বলেছেন যে ভারত তাদের প্রভাবশালী বোলিং আক্রমণের কারণে বিদেশী পরিস্থিতিতে বেশিরভাগ সময় সফল হচ্ছে।
“ভারতীয় দলের জন্য সাম্প্রতিক ৫-৬ বছরে একটি জিনিস পরিবর্তিত হয়েছে, যা ভারতের ক্ষেত্রে খুবই বিরল। বিদেশে ভারতের সাফল্য আসে কারণ ভারতের কাছে এখন তিনজন বিশ্বমানের সীম বোলারের বিলাসিতা রয়েছে। এটি একটি বিশাল প্রভাব ফেলেছে,” মঞ্জরেকার ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন।
“আপনি যদি টেস্ট ক্রিকেটের ইতিহাস দেখেন, আগে যখন পাকিস্তান তাদের দেশের বাইরে জিতত, তাদেরও তিনজন বিশ্বমানের সিমার ছিল। আর এখন ভারতও একই অবস্থায় নিজেদের খুঁজে পাচ্ছে। এগুলি ভারতীয় ক্রিকেটের জন্য ভাল লক্ষণ,” তিনি বলেছেন।
পাকিস্তান ১৯৯০-এর দশকের শেষ দিকে এবং ২০০০-এর দশকের প্রথম দিকে, ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনিস ও শোয়েব আখতার সমন্বিত প্রাণঘাতী পেস আক্রমণের জন্য পরিচিত ছিল। তিনজন বোলারই আগুনে গতিতে বল সিম এবং সুইং করানোর জন্য পরিচিত ছিলেন।
ব্যাটিংয়ের বিষয়ে আলোচনা করার সময় মঞ্জরেকর মত দিয়েছেন যে হনুমা বিহারী এবং শ্রেয়াস আইয়ারদের তাদের দক্ষতা দেখানোর জন্য আরও বেশী সুযোগ পাওয়া উচিত। যদিও এই বর্ষীয়ান ধারাভাষ্যকার মনে করেন সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম ইনিংসে ৪৮ রান করা অজিঙ্কা রাহানের প্রতি ভারতীয় টিম ম্যানেজমেন্টের আস্থা অটল থাকতে পারে।
“টিম ম্যানেজমেন্ট রাহানেকে সমর্থন করছে নিয়মিত। ভারত প্রথম টেস্ট জিতেছে, আর রাহানে প্রথম ইনিংসে ৪৮ রান করেছে। সুতরাং, সে আরেকটি সুযোগ পেতে পারে। তবে বিহারী ও শ্রেয়াস আইয়ারের কথাও তাদের ভাবা উচিত। রাহানে যত বেশি সুযোগ পাবে, অন্য ছেলেরা তত কম সুযোগ পাবে। সুতরাং, এটি নিয়ে আলোচনা করা দরকার,” মঞ্জরেকর যোগ করেছেন।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট সোমবার, ৩রা জানুয়ারি জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে।