অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্টে খেলবেন বুমরাহ্, আশাবাদী রোহিত
২০২২-এর সেপ্টেম্বরে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন বুমরাহ্
আপডেট করা - Jan 25, 2023 11:02 am

৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বর্ডার গাভাস্কার ট্রফির আগে তারকা পেসার জাসপ্রিত বুমরাহর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ৫০ ওভারের ফর্ম্যাটে শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিপক্ষেপরপর দুটি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল।
ইন্দোরে আয়োজিত হওয়া তৃতীয় ওডিআইতে ৯০ রানে জয়ী হয়ে ব্ল্যাক ক্যাপসের বিরুদ্ধে সিরিজ হোয়াইটওয়াশ সম্পূর্ণ করেছে মেন ইন ব্লু। জোরালো জয়ের পরে রোহিতকে জিজ্ঞাসা করা হয়েছিল পিঠের চোটের কারণে মাঠের বাইরে থাকা জসপ্রিত বুমরাহর দলে ফেরা সম্বন্ধে। অধিনায়ক আশা করেছেন যে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুটি টেস্টে পেসারকে স্কোয়াডে দেখতে পাবেন।
“(জসপ্রিত) বুমরাহ্ সম্পর্কে, আমি এই মুহুর্তে খুব বেশি নিশ্চিত নই। প্রথম দুটি টেস্ট ম্যাচ অবশ্যই তাকে পাওয়া যাবে না। আমি প্রত্যাশা করি… না প্রত্যাশা নয়, আমি আশা করছি যে সে (অস্ট্রেলিয়ার বিপক্ষে) পরের (শেষ) দুটি টেস্ট ম্যাচে খেলবে। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না কারণ পিঠের চোট সবসময়ই জটিল। এর পরেও আমাদের অনেক ক্রিকেট রয়েছে,” রোহিত এনডিটিভি দ্বারা উদ্ধৃত হয়েছেন। ।
“আমরা এনসিএ-তে ফিজিও এবং ডাক্তারদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি। আমরা পর্যবেক্ষণ করব। তার যতটা সময় প্রয়োজন, মেডিক্যাল টিম তাকে ততটা সময় দেবে,” তিনি যোগ করেছেন।
ফেব্রুয়ারিতে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া
কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তির পরে রোহিত ও তাঁর সতীর্থরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ফোকাস করবে। এক মাসব্যাপী লাল বলের সিরিজটি গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে কারণ এই সিরিজের পরেই নির্ধারিত হবে কোন দল ২০২১-২৩ চক্রের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।
মার্চে লাল বলের সিরিজ শেষ হওয়ার পর দুই দল মুখোমুখি হবে তিনটি ওডিআই ম্যাচে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কথা বিবেচনা করে স্কোয়াডের শক্তি ও দুর্বলতা বোঝার জন্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ হবে।