সামনে এল আইপিএল মেগা নিলামের দিনক্ষণ ও স্থান

আজ ২৩শে ডিসেম্বর বৃহস্পতিবারে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক বিসিসিআইয়ের

IPL
IPL. (Photo Source: IPL/BCCI)

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আইপিএল ২০২২-এর মেগা নিলাম ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে। এটাও জানা গেছে যে বিসিসিআই মেগা নিলামের তারিখ নিশ্চিত করতে ২৩শে ডিসেম্বর সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের ডেকেছে আলোচনা করতে। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা করা হয়নি, তবে বলা যেতে পারে যে আইপিএল নিলাম সম্ভবত উপরে উল্লিখিত তারিখেই হবে।   

মেগা নিলামের বিভিন্ন বিষয়ে ফ্র্যাঞ্চাইজিদের অবগত করার জন্য বৈঠক ডেকেছে বোর্ড

প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি নতুন মরসুমের আগে একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখনও অবধি রিটেনশন নীতির অংশ হিসেবে দলগুলি সর্বোচ্চ চারজনকে ধরে রাখার সুযোগ পেয়েছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি তাদের সেরা ক্রিকেটারদের ধরে রেখেছে। তবে সব ফ্র্যাঞ্চাইজিই তাকিয়ে আছে নিলামের দিকে, যেখান থেকে ক্রিকেটার কিনে তাদের একটি মজবুত দল তৈরী করার দিকে নজর থাকবে। 

এ ছাড়া বিসিসিআই কোভিড -১৯ সংক্রান্ত উদ্বেগের মধ্যে বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে একটি বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে। এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে ভারতীয় বোর্ড ভারতের বাইরে আইপিএল ২০২২ আয়োজন করতে চায়ছে না, তবে কোভিড-১৯ প্রকার ওমিক্রনের প্রভাব ভারতে বেড়ে যাওয়ায় বোর্ডকে এখনই বিকল্প ভাবনা ভেবে রাখতে হচ্ছে।  

ওমিক্রন উদ্বেগের মাঝে বিকল্প পরিকল্পনা করে রাখছে বিসিসিআই  

“বৈঠকটি মূলত পরিচিতিমূলক হবে, যেখানে আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজি লখনউ এবং আহমেদাবাদের মালিকদেরকে বিসিসিআইয়ের পক্ষ থেকে স্বাগত জানানো হবে। কোভিড/ওমিক্রন পরিস্থিতি আরও খারাপ হলে তারা পুরো টুর্নামেন্টটি মুম্বাই এবং পুনে বা গুজরাটের আহমেদাবাদ, বরোদা এবং রাজকোটে আয়োজন করার বিকল্পটি নিয়ে ভাবছে। মালিকদের এসব বিকল্পগুলির সাথে সাথে মেগা নিলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে অবহিত করা হবে,” ক্রিকবাজের উদ্ধৃতি অনুসারে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকরা বলেছেন। 

নতুন দুই ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদ এবং লখনউকে একেবারে শূণ্য থেকে তাদের দল গঠন করতে হবে। তবে বিদ্যমান আতটি দলের সাথে তারা যাতে ন্যায্য লড়াইয়ে নামতে পারে তাই নিলামের আগে ড্রাফট থেকে তাদের সর্বোচ্চ তিনজন ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বেশ কিছু ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে যাদেরকে এই দুটি দল নিলামের আগে নিতে আগ্রহী। তবে দুটি দলের পক্ষ থেকে এখনও কোন ক্রিকেটারকে সই করানোর ব্যাপারে ঘোষণা করা হয়নি।  

close whatsapp