এখনই বিচ্ছেদ নয়, আইপিএলের আসন্ন মরসুমেও সিএসকে-র হয়ে খেলতে পারেন রবীন্দ্র জাডেজা
গত মরসুমের মাঝপথে জাডেজাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল
আপডেট করা - Nov 4, 2022 4:58 pm

চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক এবং তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজা সম্ভবত চারবারের আইপিএল চ্যাম্পিয়নদের সঙ্গেই থেকে যাচ্ছেন আগামী মরসুমের জন্য। সাম্প্রতিক কিছু প্রতিবেদন অনুসারে জাডেজা ও সিএসকের মধ্যে বিবাদের জল্পনা সামনে এসেছিল। জানা যাচ্ছিল আসন্ন সংস্করণের আগে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলা মিনি নিলামে জাডেজাকে নিলামের তালিকাভুক্ত খেলোয়াড়দের মধ্যে দেখা যেতে পারে কারণ জাডেজা সিএসকের হয়ে খেলতে আর ইচ্ছুক নন।
সাম্প্রতিক সময়ে অল-রাউন্ডার এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে উভয়ের মধ্যে সম্পর্ক আগের চেয়ে উন্নত হয়েছে। এমনও জানা যাচ্ছে যা ২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং সিএসকের দীর্ঘদিনের অধিনায়ক এমএস ধোনি মনে করেন জাডেজা দলের হয়ে যে প্রভাব ফেলতে সক্ষম তা অন্য কোন খেলোয়াড়কে দিয়ে সম্ভব নয়। বিগত এক দশক জাডেজা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন এবং দলের ইমেজ তৈরী করার ক্ষেত্রে তাঁর অবদানও কম নয়।
সিএসকে সম্পর্কিত সমস্ত পোস্ট ডিলিট করে দিয়েছিলেন রবীন্দ্র জাডেজা
একাধিক প্রতিবেদন অনুযায়ী জানানো হয়েছিল যে গত মরসুমে তাঁর অধিনায়কত্বে যেভাবে হস্তক্ষেপ করা হয়েছিল এবং তাঁকে মরসুমের মাঝপথে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিল, তাতে জাডেজা সন্তুষ্ট ছিলেন না। আইপিএলের পরেই তারকা অলরাউন্ডার যখন সিএসকে সম্পর্কিত সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্ট তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডিলিট করে ফেলেছিলেন, তখন বিচ্ছেদের সম্ভাবনা আরও জোরালো হয়েছিল।
এরপরে অনুমান করা হয়েছিল যে ফ্র্যাঞ্চাইজি নতুন মরসুমের আগে অক্ষর প্যাটেলকে দিল্লি ক্যাপিটালস থেকে নিয়ে জাডেজাকে ট্রেড করার কথা বিবেচনা করতে পারে। অন্যান্য বেশ কয়েকটি দল সিএসকের সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানা যাচ্ছে তবে এমএস ধোনির পদক্ষেপে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আরও একটি মরসুম থেকে যেতে পারেন জাডেজা।
ধোনি ম্যানেজমেন্টকে স্পষ্ট করে দিয়েছেন যে জাডেজার মতো উচ্চমানের একজন খেলোয়াড়কে প্রতিদ্বন্দ্বী দলে যেতে দিতে পারে না সিএসকে। যদিও জাডেজার সঙ্গে ম্যানেজমেন্টের বেশ কিছুদিন ধরে যোগাযোগ ছিল না, তবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর দীর্ঘ পরিচিতি এবং এমএস ধোনির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক বিবেচনা করে জাডেজা এখন আইপিএল ২০২৩-এর জন্য হলুদ জার্সির ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা চালিয়ে যাবেন বলেই মনে হচ্ছে।