আইপিএল ২০২৩-এ প্ৰথম হ্যাটট্রিক করলেন রাশিদ খান

Rashid Khan
Rashid Khan. (Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ১৩ তম ম্যাচে আহেমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের (জিটি) মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই ম্যাচটি এই আইপিএলের সবথেকে রোমাঞ্চকর ম্যাচ ছিল, একথা বললে ভুল হবে না। এই ম্যাচে আমরা রাশিদ খানের হ্যাটট্রিক দেখার পাশাপাশি রিঙ্কু সিংকে শেষ ওভারে ৫ বলে ৫টি ছয় মেরে দলকে ম্যাচ জেতাতেও দেখেছি।

হার্দিক পান্ডিয়া অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে না পারায় রাশিদ খান গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেন। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিটি। সাই সুদর্শন এবং বিজয় শঙ্কর ব্যাট হাতে দুটি দুর্দান্ত ইনিংস খেলেন। সুদর্শন ৩টি চার এবং ২টি ছয় সহ ৩৮ বলে ৫৩ রান এবং বিজয় ৪টি চার এবং ৫টি ছয় সহ অপরাজিত ২৪ বলে ৬৩ রান করেন। তাদের হাত ধরে ২০ ওভারে ৪ উইকেটে ২০৪ রান করে গুজরাট টাইটান্স।

রান তাড়া করতে নেমে খুব ভালোভাবেই এগোচ্ছিল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ার ৪০ বলে ৮৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৫টি ছয়। তবে অধিনায়ক রাশিদ খান ১৭ তম ওভারে বল করতে এসে ম্যাচ পুরোপুরিভাবে ঘুরিয়ে দেন তিনি ১৭ তম ওভারের প্ৰথম বলে আন্দ্রে রাসেল, দ্বিতীয় বলে সুনীল নারিন এবং তৃতীয় বলে শার্দুল ঠাকুরকে আউট করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। এটি ছিল আইপিএল ২০২৩-এর প্রথম হ্যাটট্রিক।

রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ইনিংসের হাত ধরে গুজরাট টাইটান্সকে পরাজিত করল কলকাতা নাইট রাইডার্স

রাশিদ খান হ্যাটট্রিক নেওয়ার পর মনে হচ্ছিল যে এই ম্যাচটি গুজরাট টাইটান্স খুব সহজেই জিতে যাবে। কিন্তু কেকেআরের প্রতিভাবান মিডিল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং শেষ ওভারে জিটির মুখের সামনে দিয়ে জয় ছিনিয়ে নিয়ে যান।

শেষ ওভারে জেতার জন্য কেকেআরের প্রয়োজন ছিল ২৯ রান। জিটির হয়ে ২০ তম ওভারটি করতে এসেছিলেন যশ দয়াল। প্ৰথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। এরপর শেষ পাঁচটি বলে পাঁচটি ছয় মেরে কেকেআরকে ম্যাচ জিততে সাহায্য করেন রিঙ্কু। এই ম্যাচটি জিতে নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর। ১৪ই এপ্রিল, শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কেকেআর।

close whatsapp