“এটাই সুযোগ ছিল” – পৃথ্বী শ উপেক্ষিত হওয়ায় নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করলেন আকাশ চোপড়া
আপডেট করা - Nov 18, 2022 4:59 pm

নিউ জিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলে পৃথ্বী শ-র সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলের মতো সিনিয়র ব্যাটারদের বিশ্রাম দেওয়া হয়েছে এবং নির্বাচক কমিটি এই সফরের জন্য বেশ কিছু তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়ার কথা বিবেচনা করেছে। তবে ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা শ-কে আবারও উপেক্ষা করা হয়েছে।
একটি টুইট বার্তায় আকাশ চোপড়া বলেছেন যে শ-এর উপস্থিতি পাওয়ারপ্লেতে ভারতের খেলার ধরণে পরিবর্তন আনতে পারত। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে ফিল্ডিং সীমাবদ্ধতা সত্ত্বেও ওপেনারদের দ্রুত গতিতে রান করার অক্ষমতা নিয়ে সমালোচনা হয়েছিল। ফলে শ-এর মতো একজন আগ্রাসী ব্যাটারকে খেলিয়ে দেখা যেত সমস্যা মিটছে কিনা। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা আকাশ যোগ করেছেন যে স্বভাবগতভাবে ধ্বংসাত্মক মেজাজের শ-কে খেলানোর উপযুক্ত সময় ছিল কিউয়ি সফর।
“নিউ জিল্যান্ড বনাম ভারত সিরিজে ভারতের স্কোয়াডের দিকে তাকালে বিস্মিত হতে হয় কেন পৃথ্বী শ এই দলের অংশ নয়। পাওয়ারপ্লে ওভারে খেলার ধরণ বদলাতে চাওয়া হচ্ছে, তাই এটাই সুযোগ ছিল এমন কাউকে খেলানোর যে স্বভাবগতভাবে ধ্বংসাত্মক,” পরিত্যক্ত হওয়া প্রথম টি-২০ ম্যাচের আগে আকাশ চোপড়া টুইট করেছিলেন।
The more you look at the current India squad for the #NzvInd series, the more you wonder why Prithvi Shaw isn’t a part of it. You want to change the style of play in PP overs, this is THE opportunity to play the guy who’s naturally destructive.
— Aakash Chopra (@cricketaakash) November 18, 2022
নিউ জিল্যান্ড সফরে একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলেও অবহেলিত থেকে গেলেন পৃথ্বী শ
সৈয়দ মুশতাক আলি ট্রফির ২০২২-২৩ সংস্করণে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিসহ সাত ম্যাচে ৪৭.৫০ গড়ে এবং ১৯১.২৭ স্ট্রাইক রেটে ২৮৫ রান করে ঘরোয়া ক্রিকেটে নিজের দুর্দান্ত ফর্ম বজায় রেখেছিলেন পৃথ্বী শ। তবে ওপেনার হিসেবে শুবমান গিলকে প্রথমবারের জন্য জাতীয় টি-২০ স্কোয়াডে ডাকা হলেও শ অবহেলিত হন। পৃথ্বী শ-কে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে মন্তব্য করে বিসিসিআই প্রধান নির্বাচক চেতন শর্মা বলেছিলেন যে তাঁরা মুম্বাইয়ের ওপেনারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছেন এবং ব্যাটার শীঘ্রই সুযোগ পাবেন।
“সে (শ) অবশ্যই তার সুযোগ পাবে। নির্বাচকরা তার সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছে, তার সঙ্গে কথা বলছে। সে ভালো করছে এবং খুব শীঘ্রই সে তার সুযোগ পাবে,” নিউ জিল্যান্ড সফরের জন্য স্কোয়াড ঘোষণা করার সময় চেতন শর্মা মিডিয়াকে বলেছিলেন।
টি-২০ বিশ্বকাপ থেকে তাদের হতাশাজনক প্রস্থানের পরে ভারত তিন ম্যাচের টি-২০ এবং ওডিআই সিরিজে কিউইদের মুখোমুখি হওয়ার জন্য তৈরী। আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা প্রদর্শনের জন্য এই সিরিজে গিলের পাশাপাশি উমরান মালিককে আরও একটি সুযোগ দিয়েছেন। এ ছাড়া অতীতে স্কোয়াডের অংশ থাকা কিন্তু বৈশ্বিক ইভেন্টে সুযোগ না পাওয়া শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষাণদেরও নেওয়া হয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে।