আফগানিস্তানকে হালকা ভাবে নিচ্ছে না বাবররা
আপডেট করা - Oct 29, 2021 2:19 pm

গত রবিবার সুপার টুয়েলভের ম্যাচ শুরু আগে প্রেডিকশনটা অন্য ছিল, এখন সব কিছুই ওলট – পালট হয়ে গেছে। পাকিস্তান গ্রুপ বি-র দুই শক্তিশালী দল ভারত এবং নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। কার্যত সেমিফাইনালে ওঠার মসৃন রাস্তার তারা। কিন্তু বাকি এখনও তিন ম্যাচ। পাকিস্তানের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আফাগানিস্তানকে হালকা ভাবে নিতে রাজি নয় দলের ভারপ্রাপ্ত কোচ সাকলিন মুস্তাক।
এক সংবাদমাধ্যমে সাকলিন মুস্তাক জানিয়েছেন, “প্রথম দুটো ম্যাচে ছেলেরা মনপ্রাণ দিয়ে খেলেছে। যে আত্মবিশ্বাস প্রথম দুটো ম্যাচে জিতে আমরা অর্জন করেছি, সেটাকেই আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। যাদের বিরুদ্ধেই আমরা খেলি, সেটা আফগানিস্তানই হোক বা অন্য কোনও দল, একই রকম মানসিকতা নিয়ে একই ধরনের ক্রিকেট খেলতে হবে। সেটা না করতে পারলে আমরাই ধাক্কা খাব।”
সাকলিনের সংযোজন, “ওরা শক্তিশালী দল। অনায়াসে জিতে যাব, এই ভাবনা আমাদের মধ্যে থাকাই উচিত নয়। ওদের বোলিং আক্রমণ অসামান্য, বিশেষত স্পিনাররা। এ ছাড়া ওরা যে ভাবে খুশি ব্যাটিং করতে পারে। ভয়ডরহীন ক্রিকেট খেলে। এ ধরনের দল বিপজ্জনক হয়ে উঠতে পারে যে কোনও সময়।”
প্রসঙ্গত, ভারত এবং নিউজিল্যান্ড দুটি দলই পাকিস্তানের কাছে হারায় রবিবারের ম্যাচ কার্যত কোয়াটার ফাইনাল ম্যাচ। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও এই ম্যাচে যে জিতবে সেই দলই সেমিফাইনালে পৌঁছবে। কারণ, পয়েন্টের বিচারে সেই দলের সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে। গ্রুপ বি-তে যে ছটি দল রয়েছে তার মধ্যে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে বাদ দিলে আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়া রয়েছে।