ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতের বিরুদ্ধে খেলার ব্যাপারে নিজের বক্তব্য জানালেন শাদাব খান
আপডেট করা - Jul 27, 2023 9:45 pm

২৭শে জুন, মঙ্গলবার, আসন্ন ওডিআই বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৫ই অক্টোবর থেকে এটির যাত্রাপথ শুরু হবে এবং ১৯শে নভেম্বরে গিয়ে সেটি শেষ হবে। বিশ্বকাপে ভারতকে প্ৰথম ম্যাচটিতেই শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে। এই ম্যাচটি ৮ই অক্টোবর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১১ই অক্টোবর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে ভারত। এরপরেই, ১৫ই অক্টোবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।
ওডিআই বিশ্বকাপে ভারতকে এখনও পর্যন্ত একবারও হারাতে পারেনি পাকিস্তান। আসন্ন ওডিআই বিশ্বকাপে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা ৮-০ করতে চাইবে ভারতীয় দল। অন্যদিকে, পাকিস্তান ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের মতো ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপেও তাদের বিরুদ্ধে ভারতের জয়ের ধারাবাহিকতা ভাঙতে চাইবে।
সম্প্রতি, পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শাদাব খান ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতের বিরুদ্ধে খেলার ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। এবারের বিশ্বকাপে ট্রফি জেতাই যে তাদের প্রাথমিক লক্ষ্য হতে চলেছে সেই কথাটি তিনি নিজের বক্তব্যের মাধ্যমে পুরোপুরিভাবে স্পষ্ট করে দিয়েছেন।
ক্রিকেট পাকিস্তানকে শাদাব খান বলেন, “ভারতের বিরুদ্ধে খেলা সত্যিই একটি দারুণ ব্যাপার এবং এই ম্যাচে আমাদের দলের সকল খেলোয়াড়ের উপরই চাপ থাকবে, কারণ ম্যাচটি তাদের ঘরের মাঠে হবে। তবে, শুধুমাত্র ভারতকে হারানোর দিকে মন না দিয়ে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করার দিকেও মনোযোগ দেওয়া উচিত। একমাত্র ভারতের বিরুদ্ধে জয় পেয়ে কোন লাভ হবে না যদি বিশ্বকাপ জয়ের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হয়। ভারতের বিরুদ্ধে হারলেও যদি আমরা বিশ্বকাপ জিতে যাই তাহলে আমরা প্রকৃত বিজেতা হব। বিশ্বকাপ জেতাই হল আমাদের প্রাথমিক উদ্দেশ্য।”
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খুব সহজেই জয় পেয়েছিল ভারত
ওডিআই বিশ্বকাপ ২০১৯-এও পাকিস্তান দলের সদস্য ছিলেন শাদাব খান। তিনি সেইবার ভারতের বিরুদ্ধে বল হাতে খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। তিনি ৯ ওভারে ৬১ রান দিয়েছিলেন এবং কোনো উইকেট নিতে পারেননি। তিনি ব্যাট হাতে ১৪ বলে অপরাজিত ২০ রান করেছিলেন।
সেই ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৬ রান তুলেছিল ভারত। বৃষ্টির কারণে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। সেই কারণে ওভার এবং রানের লক্ষ্য কমিয়ে দেওয়া হয়েছিল। পাকিস্তানকে ম্যাচটি জেতার জন্য ৪০ ওভারে ৩০২ রান করতে হত। কিন্তু তারা ৪০ ওভারে ৬ উইকেটে ২১২ রান করতে সক্ষম হয়েছিল।