ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ৭, ইংল্যান্ড বনাম বাংলাদেশ: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী
আপডেট করা - Oct 9, 2023 11:05 pm

১০ই অক্টোবর, মঙ্গলবার, ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সপ্তম ম্যাচে ইংল্যান্ড এবং বাংলাদেশ একে অপরের মুখোমুখি হবে। উভয় দলই এখনও পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে। ইংল্যান্ড তাদের প্ৰথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের মুখোমুখি হয়েছে। অন্যদিকে বাংলাদেশ তাদের প্ৰথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়েছিল।
ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি। বিশেষ করে তাদের বোলাররা এই ম্যাচে খুব খারাপ পারফরম্যান্স দেখিয়েছিলেন। নিউজিল্যান্ডের সামনে ২৮৩ রানের লক্ষ্য রেখেছিল জস বাটলারের নেতৃত্বাধীন দল। জো রুট এবং জস বাটলারের ব্যাট থেকে ভালো রান এসেছিল। কিন্তু, বাকি ব্যাটাররা খুব বেশি রান করতে পারেননি। নিউজিল্যান্ড ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রের জোড়া শতরানের হাত ধরে খুব সহজেই ম্যাচটি জিতে নিয়েছিল। ইংল্যান্ড এই ম্যাচে নিউজিল্যান্ডের মাত্র একটি উইকেট ফেলতে সক্ষম হয়েছিল এবং সেই উইকেটটি নিয়েছিলেন স্যাম কারান। বাংলাদেশের বিরুদ্ধে জস বাটলারের নেতৃত্বাধীন দল কেমন পারফরম্যান্সের প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশ আগের ম্যাচে খুব ভালো অলরাউন্ডিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। আফগানিস্তানের ইনিংস ৩৭.২ ওভারে মাত্র ১৫৬ রানে শেষ হয়ে গিয়েছিল। সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ যথাক্রমে ৮ ওভারে ৩০ রান এবং ৯ ওভারে ২৫ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। মিরাজ ব্যাট হাতেও ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। তিনি ৭৩ বলে ৫৭ রান করতে সক্ষম হয়েছিলেন। নাজমুল হোসেন শান্ত ৮৩ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন। আসন্ন ম্যাচটিতেও বাংলাদেশ জয়ের পথে থাকতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
পিচ কন্ডিশন
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচে রান করা খুব একটা সহজ নয়। অর্থাৎ, এই পিচটি বোলারদের জন্য খুবই ভালো। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে এই মাঠে খেলা খুবই কঠিন। এখানে সেট না হয়ে দ্রুতগতিতে রান করা প্রায় অসম্ভব। তাই ব্যাটারদের অনেক ধৈর্য ধরে ব্যাটিং করতে হবে। টসজয়ী অধিনায়ক প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
সম্ভাব্য একাদশ
ইংল্যান্ড
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।
বাংলাদেশ
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড বনাম বাংলাদেশ: ওডিআইতে হেড টু হেড
ম্যাচ – ২৪ | ইংল্যান্ড – ১৯ | বাংলাদেশ – ৫
সম্প্রচার বিবরণী
ম্যাচ – ইংল্যান্ড বনাম বাংলাদেশ
সময় – সকাল ১০:৩০টা (ভারতীয় সময়)
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট