ইডেন গার্ডেন্সেও দর্শকহীন গ্যলারীর সামনেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ
আপডেট করা - Feb 4, 2022 6:52 pm

আহমেদাবাদে আগেই হয়েছে। যদিও ইডেন গার্ডেন্স নিয়ে তখনই কোনও জল্পনা শুরু হয়নি। কিন্তু করোনার বাড়বাড়ন্তে বোর্ডও আর ঝুঁকি নিতে নারাজ। তাই সরকার অনুমতি দিলেও, শেষপর্যন্ত ইডেন গার্ডেন্সেও ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ দর্শকহীন গ্যালারীতেই করার সিদ্ধান্ত বোর্ড কর্তাদের। শুক্রবার সেই কথা বোর্ড সভাপতি নিজেই জানিয়ে দিয়েছেন। যদিও সিএবি তরফে এখনও পর্যন্ত সরকারীভাবে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
কয়েকদিন আগেই এ রাজ্য ৭৫ শতাংশ দর্শক নিয়ে স্টেডিয়ামে খেলা আয়োজনের অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কলকাতার অগুন্তী ক্রিকেট ভক্ত শোনা গিয়েছিল। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়ে গিয়েছিল। ইডেনে ৭৫ শতাংশ সমর্থক নিয়েই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ করার কথা ঘোষণা করা হয়েছিল তখন।
কিন্তু করোনার জন্য আহমেদাবাদ অবশ্য দর্শকহীন গ্যলারীতেই একদিনের সিরিজ করার কথা ঘোষণা করেছিল। এতদিন পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের আট সদস্য হঠাত্ই করোনায় আক্রান্ত হওয়ার পর বদলে যায় গোটা চিত্রটা। একদিনের সিরিজ সুরু হওয়ার মাত্র চার দিন আগে করোনায় আক্রান্ত হন শিখর ধওয়ান, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গোয়কোয়াড় সহ আরও বেশ কিছু ক্রিকেটার। আর তাতেই চিন্তার ভাঁজ পড়ে বোর্ড কর্তাদের কপালে।
জল্পনাটা তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল। ইডেন গার্ডেন্সে দর্শক নিয়ে ম্যাচ হবে তো। আর সেই জল্পনা শুরুর ৪৮ ঘন্টার মধ্যেই বোর্ডের সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের তারকাদের নিয়ে আর কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না বোর্ড কর্তারা। দর্শক প্রবেশ করলে ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বাড়বে বলেই মনে করছেন তারা।
এই পরিস্থিতিতে ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই ইডেনেও দর্শকহীন ম্যাচের সিদ্ধান্ত
এদিনই ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “এই পরিস্থিতিতে ইডেন গার্ডেন্সেও ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হবে দর্শকহীন গ্যালারীর সামনে। সাধারণ লোকের জন্য কোনওরকম টিকিট বিক্রিও করা হবে না। শুধু বোর্ড কর্তা এবং সিএবি কর্মকর্তা ও প্রতিনিধিরা প্রবেশের অনুমতি পাবেন”।
তিনি আরও বলেন, “ক্রিকেটারদের স্বাস্থের কোনওরকম ঝুঁকি এই পরিস্থিতিতে নিতে পারব না আমরা। দর্শক প্রবেশ করলে সেই সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সরকার অনুমতি দিলেও, ঝুঁকির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড”। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেও, সিএবির কাছে এখনও পর্যন্ত সরকারীভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়নি বোর্ড তরফে।
সিএবির তরফে শুক্রবার বিকেলেই একটি বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানানো হয়েছে। দর্শকহীন গ্যালারীতে ম্যাচ হওয়ার কথা শোনা গেলেও, এখনও পর্যন্ত তাদের কাছে সরকারীভাবে বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। জানিয়ে দিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। শোনাযাচ্ছে দর্শক নিয়ে এই ম্যাচ করতে মরিয়া একটা চেষ্টা চালিয়ে যেতে চাইছে সিএবিও। তবে শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।