“আট বছর ধরে আমার ওজন ৭৪.৫-৭৫ কেজি” – বিরাট কোহলি

বিশ্ব ক্রিকেটের অন্যতম ফিট ক্রিকেটার আট বছর ধরে একই ওজন বজায় রেখেছেন

Virat Kohli
Virat Kohli. (Photo by Quinn Rooney/Getty Images)

ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ব্যাটিং তারকা বিরাট কোহলি কেবল ব্যাটার হিসেবেই এই প্রজন্মের অন্যতম সেরা নন, সেইসঙ্গে বিশ্বের সেরা ফিট ক্রিকেটারদের মধ্যেও একজন। কিংবদন্তী খেলোয়াড় তাঁর ফিটনেসের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করেন, এবং স্টার স্পোর্টসের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে প্রায় আট বছর ধরে তাঁর ওজনে বিশেষ হেরফের হয়নি।

বিরাট কোহলির ব্যাটিং ক্ষমতা অভূতপূর্ব উচ্চতায় থাকার পাশাপাশি তিনি বিশ্ব ক্রিকেটের প্রাণবন্ত এবং দ্রুততম ফিল্ডারদের একজন। ফিটনেসের প্রতি তাঁর ভালোবাসা কারও কাছেই গোপন নয় কারণ তাঁকে প্রায়ই জিমে ঘাম ঝরাতে দেখা যায়। ওয়ার্কআউটের পিছনে তাঁর সময় ব্যয় করা ছাড়াও, ক্রিকেটার একটি কঠোর ডায়েট বজায় রাখেন এবং নিজেকে রেড মিট জাতীয় খাবার থেকে দূরে রাখেন।

স্টার স্পোর্টসের সঙ্গে একটি সাম্প্রতিক অকপট সাক্ষাৎকারে কোহলিকে যখন তাঁর ওজন ও উচ্চতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি মন্তব্য করেছেন যে তাঁর গত আট বছর ধরে তাঁর ওজন একই রয়ে গেছে। নিজের ওজনকে সুনির্দিষ্টভাবে মনে রাখাই বলে দেয় যে নিজেকে ফিট রাখার ক্ষেত্রে তিনি কতটা উৎসর্গীকৃত।

“আমার মনে হয় আমার উচ্চতা ৫’১১”, কিন্তু আমি নিশ্চিত নই। গত আট বছর ধরে আমার ওজন ৭৪.৫-৭৫ কেজি,” কোহলি বলেছেন।

বিরাট কোহলি তাঁর প্রিয় ডেজার্টের নাম প্রকাশ করেছেন

ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম প্রধান স্তম্ভ মিষ্টিজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকলেও সাক্ষাৎকারে তাঁর প্রিয় ডেজার্টের উপর আলোকপাত করেছেন। দক্ষিণ আফ্রিকার একটি পরিচিত ডিশ মালভা পুডিং উপভোগ করার কথা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর সিনিয়র সতীর্থ জাহির খানের সুপারিশে এই খাবারটি চেখে দেখেছিলেন তিনি। একটি প্রিয় ভারতীয় ডেজার্ট সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হলে কোহলি বাড়িতে তৈরী গাজরের হালওয়া এবং রাগি হালওয়ার প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেছেন।

“যখন আমি এটা নিয়মিত খেতাম তখন যে ডেজার্টটি আমি খেতে পছন্দ করতাম  তা হল মালভা পুডিং। এটা দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। আমি জোহানেসবার্গে জাহির খানের সুপারিশের পরে এটি প্রথমবারের মতো চেখে দেখেছিলাম। আমি সেই ডেজার্টটি পছন্দ করি, অন্যতম সেরা। “দেশী? গাজরের হালওয়া, আসলে আমরা বাড়িতে রাগি হালওয়াও তৈরী করি, একবার খেয়ে দেখবেন, এটি খুব সুস্বাদু,” তাঁর প্রিয় মিষ্টি সম্পর্কে জানিয়েছেন কোহলি।

close whatsapp