এলএসজি বনাম সিএসকে ম্যাচে নিজ নিজ দলে ফিরলেন মহসিন খান এবং দীপক চাহার

Deepak Chahar and Mohsin Khan
Deepak Chahar and Mohsin Khan. (Photo Source: IPL)

৩রা মে, বুধবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৫ তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে) একে অপরের মুখোমুখি হয়েছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে, আগের ম্যাচে আরসিবির বিরুদ্ধে চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারছেন না কেএল রাহুল। সেই কারণে সিএসকের বিরুদ্ধে এলএসজিকে নেতৃত্ব দিচ্ছেন ক্রুনাল পান্ডিয়া।

দীপক চাহার চোটের কারণে এর আগে মাত্র ৩টি ম্যাচ খেলতে পেরেছিলেন। তারপর তাকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল সিএসকে-কে। এই মরসুমে সিএসকের প্ৰথম তিনটি ম্যাচে খেলার পর আবার তাদের দশম ম্যাচে মাঠে নামলেন চাহার। টসের সময় এমএস ধোনি জানান যে দীপক চাহার ফিট আছেন তাই তিনি আজকের ম্যাচে আকাশ সিংয়ের জায়গায় খেলবেন। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি প্ৰথম তিনটি ম্যাচ খেলে একটিও উইকেট পাননি।

অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টাসের প্রতিভাবান বাঁ-হাতি পেসার মহসিন খান চোটের কারণে এই মরসুমে এর আগে একটিও ম্যাচ খেলেননি। সিএসকের বিরুদ্ধে ম্যাচটি হল এই মরুসুমে তার প্ৰথম ম্যাচ। তিনি আইপিএলের ১৫ তম সংস্করণে এলএসজির হয়ে ৯টি ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছিলেন। তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/১৬। আগের বছর তার ইকোনমি রেট ছিল মাত্র ৫.৯৭।

প্ৰথম ১০ ওভারে ৪টি উইকেট হারিয়েছে লখনউ সুপার জায়ান্টাস

টসে জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত এখনও পর্যন্ত অনুকূলেই গেছে সিএসকের। প্ৰথম ৭ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৪টি উইকেট হারিয়েছে লখনউ সুপার জায়ান্টাস। তাদের দলের ফর্মে থাকা ওপেনিং ব্যাটার কাইল মেয়ার্স বেশি রান করতে পারেননি। তিনি ১৭ বলে ১৪ রান করে মঈন আলির বলে আউট হন। কেএল রাহুলের জায়গায় দলে সুযোগ পাওয়া ওপেনিং ব্যাটার মনন ভোহরা ১১ বলে ১০ রান করে মহেশ থিকসানার বলে বোল্ড হন।

অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া এবং মার্কাস স্টয়নিসও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ক্রুনাল নিজের প্ৰথম বলেই মহেশ থিকসানার শিকার হন। স্টয়নিস ৪ বলে ৬ রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন। করণ শর্মা দশম ওভারে মঈন আলির শিকার হন। প্ৰথম ১০ ওভারে ৪ উইকেটে ৪৪ রান করেছে এলএসজি। শেষমেশ স্কোরবোর্ডে তারা কত রান তুলতে পারে সেটাই এখন দেখার বিষয়।

 

close whatsapp