আফগানিস্তানের বিরুদ্ধে বল হাতে পুরোপুরিভাবে ব্যর্থ মহম্মদ সিরাজ, ৯ ওভারে দিলেন ৭৬ রান
আপডেট করা - Oct 11, 2023 7:57 pm

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর নবম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে বল হাতে খুবই খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করলেন প্রতিভাবান ভারতীয় পেসার মহম্মদ সিরাজ।
এশিয়া কাপ ২০২৩-এ দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ সিরাজ। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ৭ ওভারে মাত্র ২১ রানের বিনিময়ে ৬টি উইকেট শিকার করেছিলেন। কিন্তু ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত তেমন নজরকাড়া পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি এই ২৯ বছর বয়সী পেসার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৬.৩ ওভারে ২৬ রান দিয়ে ১টি উইকেট শিকার করেছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে তিনি প্রচুর রানও দিয়েছেন এবং একটি উইকেটও নিতে পারেননি।
আফগানিস্তান প্ৰথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রানে পৌঁছতে সক্ষম হয়েছিল। এই ২৭২ রানের মধ্যে মহম্মদ সিরাজ একাই দিয়েছেন ৭৬ রান। তার এই খারাপ পারফরম্যান্স ভারতের জন্য খুবই চিন্তার একটি বিষয়। মহম্মদ শামি এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি। সিরাজ যদি নিজের পারফরম্যান্সের উন্নতি করতে না পারেন তাহলে শামিকে খেলানোর কথা ভাবতে পারে ভারতীয় দল।
জসপ্রীত বুমরাহ ৪টি উইকেট শিকার করেন
এই ম্যাচে বল হাতে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেন জসপ্রীত বুমরাহ। এই অভিজ্ঞ পেসার ১০ ওভারে মাত্র ৩৯ রান দেন এবং ৪টি উইকেট শিকার করেন। হার্দিক পান্ডিয়া এই ম্যাচে ২টি উইকেট নিতে সক্ষম হন। কুলদীপ যাদব এবং শার্দুল ঠাকুর ১টি করে উইকেট নেন।
এই ম্যাচে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন হসমতউল্লাহ শাহিদী। তিনি ৮৮ বলে ৮০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি ৮টি চার এবং ১টি ছয় মারতে সক্ষম হন। আজমতউল্লাহ ওমরজাইও একটি দারুণ ইনিংস খেলেন। তিনি ৬৯ বলে ৬২ রান করেন। তার ইনিংসে ছিল ২টি চার এবং ৪টি ছয়।
ভারত রান তাড়া করতে নেমে শুরুটা অসাধারণভাবে করেছে। রোহিত শর্মা ঝোড়োগতিতে ব্যাটিং করছেন। তিনি তার শতরান সম্পূর্ণ করে ফেলেছেন। ইশান কিষান ৪৭ বলে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছয়। এই মুহূর্তে রোহিতের সাথে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। শেষমেশ এই ম্যাচটি ভারত জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।