ইডেন গার্ডেন্সে নামার আগে প্রতিপক্ষ ব্যাটার জস বাটলারকে নিয়ে চিন্তিত নন মহম্মদ সামি
আপডেট করা - May 23, 2022 7:39 pm

দীর্ঘ তিন বছর পর আইপিএল ফিরেছে ভারতের মাটিতে। যদিও অনেক বিধি-নিষেধ মেনেই হচ্ছে এবারের আইপিএল। তবে দিন যত এগোচ্ছে ততই নিের পুরনো চেহারায় ফিরে যাচ্ছে এবারের আইপিএল। তিন বছর পর ফের কলকাতার মাটিতে হতে চলেছে আইপিএলের ম্যাচ। প্লে অফের একটি কোয়ালিফায়ার এবং একটি এলিমিনেটর ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন গার্ডেন্স। ২৪ ঘন্টা কাটলেই সেই মাঠে নেমে পড়বে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। রাজস্থানের ব্যাটিংকে বিধ্বস্ত করতে প্রস্তুত মহম্মদ সামি।
ইডেন গার্ডেন্স তাঁর ঘরের মাঠ। এই মাঠের পিচ অন্য সকলের থেকে অবেকটাই বেশী চেনা মহম্মদ সামির। প্রতিপক্ষ শিবিরে তাই যেই থাকুক না কেন মহম্মদ সামি কিন্তু একেবারেই চিন্তিত নন। বরং নিজের ওপর বিশ্বাস রয়েছে তাঁর। তাঁর দক্ষতা এবং বোলিংস্কীলে সকলকেই ব্যর্থ করতে প্রস্তুত হয়ে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
কোয়ালিফায়ারের প্রথম ম্যাচেই গুজরাত টাইটান্স নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই দলেই রয়েছে এবারের আইপিএলের সবচেয়ে বেশী রান করা তারকা জস বাটলার। গোটা প্রতিযোগিতায় ইতিমধ্যেই যাঁর ঝুলিতে এসে গিয়েছে ৩টি শতরান। এছাড়াও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ব্রিটিশ ব্যাটার। কোয়ালিফায়ার ওয়ান শুরু হওয়ার আগে সেই তারকা ক্রিকেটারকে নিয়েই নানান আলোচনা বিভিন্ন মহলে। যদিও মহম্মদ সামি কিন্তু জস বাটলারকে নিয়ে একেবারেই চিন্তিত নন। বরং এই ব্রিটিশ তারকাকে কেমনভাবে সাজঘরের রাস্তা দেখিয়ে দেবেন, সেই ব্যপারে নিজের ছক কষা হয়ে গিয়েছে তাঁর।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৪ ম্যাচে ১৮টি উইকেট রয়েছে মহম্মদ সামির
মহম্মদ সামি এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমার মনে হয় না মাঠে নামার আগে কোন ব্যাটারের সর্বোচ্চ রান রয়েছে বা কে সেরা ব্যাটার তা নিয়ে ভাববার কোনও মানে রয়েছে। আমি অন্তত তা নিয়ে একেবারেই ভাবি না। নিজের খেলাটা খেলে যাওয়া উচিত্ এবং নিজের ওপর বিশ্বাস রাখাটা সবচেয়ে জরুরী। আমি সবসময়ই নিজের ওপর ভরসা রাখি এবং প্রতিপক্ষ কোনও নাম রয়েছে তা নিয়ে একেবারেই চিন্তা করি না। আমার নিজের দক্ষতার ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে”।
এবারের আইপিএলে মহম্মদ সামিও দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন। ১৪ ম্যাচ খেলে মহম্মদ সামি পেয়েছেন ১৮ টি উইকেট। গুজরাত টাইটান্সের হয়ে প্রথম ম্যাচ থেকেই তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এবার প্লেঅফে তাঁর ঘরের মাঠে খেলতে নামছেন মহম্মদ সামি। প্রতিপক্ষ শিবিরে জস বাটলার থাকলেও, তাঁকে ফেরানোর পরিকল্পনা যে মহম্মদ সামির প্রস্তুত করে ফেলেছেন তা বেশ স্পষ্ট। যদিও তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি।
এবারের আইপিএলে গুজরাত টাইটান্স সবচেয়ে ধারাবাহিক দল। শীর্ষে থেকে আইপিএলের প্লেঅফে পৌঁছেছে তারা। যদিও তা নিয়ে এখন আর ভাবছেন না মহম্মদ সামি। রাজস্থানের ব্যাটিংকে বিধ্বস্ত করেই সাজঘরে ফিরতে চান তিনি।