মহিলাদের আইপিএলে খেলতে দেখা যেতে পারে মিতালী রাজকে
"মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণের অংশ হতে পারাটা খুবই ভালো হবে", মিতালী বলেছেন
আপডেট করা - Jan 16, 2023 6:05 pm

ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজ যে ইঙ্গিত দিয়েছেন তাতে মনে হতে পারে যে অবসর থেকে বেরিয়ে এসে তিনি মহিলাদের আইপিএলে (ডাব্লিউআইপিএল) খেলতে পারেন। ডান-হাতি ব্যাটার গত বছরের জুনে ক্রিকেটের সমস্ত ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন, তবে তিনি মহিলাদের আইপিএলে খেলার বিকল্পটি খোলা রেখেছিলেন। মিতালী ৮৯ টি-টোয়েন্টিতে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এবং ৩৭.৫২ গড়ে ২৩৬৪ রান সংগ্রহে রয়েছে তাঁর।
ডাব্লিউআইপিএল-এর উদ্বোধনী সংস্করণটি ২০২৩-এর মার্চ মাসে খেলা হবে এবং টুর্নামেন্টটিকে ঘিরে এখন থেকেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ভায়াকম১৮ ২০২৩-২৭ চক্রের জন্য টুর্নামেন্টের মিডিয়ার স্বত্বাধিকার জিতেছে ৯৫১ কোটি টাকার বিনিময়ে। এদিকে, ৪০ বছর বয়সী বলেছেন যে তিনি উদ্বোধনী টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক হবেন।
২০১৯-এ শেষবার টি-২০ আন্তর্জাতিকে খেলেছিলেন মিতালী রাজ
“আমি সেই বিকল্পটি খোলা রাখছি। আমি এখনও সিদ্ধান্ত নিইনি। মহিলাদের আইপিএল শুরু হতে আরও কয়েক মাস বাকি আছে। মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণের অংশ হতে পারাটা খুবই ভালো হবে,” ইশা গুহ ও ফ্রাঙ্কি ম্যাককের সঙ্গে আইসিসির 100% ক্রিকেট পডকাস্টে মিতালী বলেছেন।
মিতালী তাঁর শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৯-এ ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনি ২০২২-এর জুন পর্যন্ত ওডিআই এবং টেস্ট খেলা চালিয়ে যান। এদিকে, মিতালী উপস্থিতি থাকলে টুর্নামেন্টটি নিঃসন্দেহে আরও বেশী জনপ্রিয়তা অর্জন করবে কারণ এই অভিজ্ঞ ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন।
কিংবদন্তী পেসার ঝুলন গোস্বামীরও ডাব্লিউআইপিএল-এ খেলার সম্ভাবনা রয়েছে। যদিও তিনি এখনও তাঁর অংশগ্রহণ নিশ্চিত করেননি। বাংলার পেসার তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে এবং ২০২২-এর সেপ্টেম্বরে অবসর ঘোষণা করেন।
“এখনও পর্যন্ত, আমি সিদ্ধান্ত নিইনি কারণ এখনও পর্যন্ত, মহিলা আইপিএল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আমরা আশাবাদী যে এটি আগামী মরসুমে আসতে পারে। আসুন আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করি এবং তারপরে আমি সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আমি আন্তর্জাতিক ক্রিকেটে আমার কেরিয়ার শেষ করছি,” আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময় বলেছিলেন ঝুলন।