“তার একাগ্রতার ঘাটতি রয়েছে” – কোহলি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য বিশ্বকাপজয়ী ক্রিকেটারের
সেঞ্চুরির খরা কোহলির উপর প্রভাব ফেলছে বলে মত তাঁর
আপডেট করা - Mar 12, 2022 1:54 pm

বিরাট কোহলির জন্য তাঁর ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরির হতাশাজনক অপেক্ষা এখনও অব্যাহত রয়েছে। কোহলি শেষবার ভারতের প্রথম গোলাপি বলের টেস্টের সময় সেঞ্চুরি করেছিলেন। নভেম্বর ২০১৯-এ ভারত যখন ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল তখন এসেছিল তাঁর ৭০তম আন্তর্জাতিক সেঞ্চুরি। এবং তারপর থেকে, তিনি ফর্ম্যাট জুড়ে তিন অঙ্কের রানে পৌঁছতে অক্ষম হয়েছেন।
যদিও ৩৩ বছর বয়সী এই পুরো সময়টি যে ফর্মের বাইরে ছিলেন তা নয়। তিনি সাবলীলভাবে এবং ইতিবাচক অভিপ্রায় নিয়ে ব্যাটিং করছেন। যদিও, তিনি তাঁর শুরুকে বড় রানে রূপান্তর করতে ব্যর্থ হচ্ছেন এবং ভারতের প্রাক্তন অলরাউন্ডার মদন লাল মনে করেন কোহলির একাগ্রতার অভাব রয়েছে।
এর সর্বশেষ উদাহরণ মোহালি টেস্টের সময় পাওয়া গেছে। কোহলির আন্তর্জাতিক কেরিয়ারের ১০০তম ম্যাচ ছিল সেটি। তাঁর ব্যাটিং দেখে বেশ ভালো ছন্দে লাগছিল তাঁকে এবং বেশ স্বচ্ছন্দেই ৪৫ রান করায় তিনি আশা জাগিয়েছিলেন ভক্তদের মনে। তবে শ্রীলঙ্কার স্পিনার লাসিথ এমবুলডেনিয়া তাঁকে বোল্ড করে ড্রেসিং রুমে ফেরান।
যত বেশি ইনিংস লাগবে, তার ওপর চাপ ততই বাড়বে: মদল লাল
‘আজ তক’-এ মদন বলেন, “আমি তার ব্যাটিং দেখেছি। আমার মনে হচ্ছে কোথাও তার একাগ্রতার ঘাটতি রয়েছে। প্রশ্ন ছিল, কেন তিনি ব্যাকফুটে গেলেন? মানসিক অবরোধ হতে পারে। কিন্তু তার ব্যাটিং খুবই ইতিবাচক ছিল। তিনি ভালো শুরু করেছিলেন। তিনি ক্রিজে আসার সাথে সাথে রান পেয়েছিলেন। তবে অবশ্যই তিনি ফিরে আসতে সক্ষম।”
সেঞ্চুরির অপেক্ষা যত দীর্ঘ হবে, কোহলি তত বেশি চাপ অনুভব করবেন, মনে করেন মদন। “আমরা সবাই চাই সে এই জায়গা (সেঞ্চুরির খরা) থেকে বেরিয়ে আসুক। আমি নিশ্চিত যে এটা তার মাথায় বাজছে। আর একটা কথা, তার পরের সেঞ্চুরিতে পৌঁছতে যত বেশি ইনিংস লাগবে, তার ওপর চাপ ততই বাড়বে। বেঙ্গালুরুতে সে একটি সুবিধা পাবে যা হল পিচটি বাউন্স দেয় এবং তাই সে আরও ভাল খেলতে পারে,” তিনি মতামত দিয়েছেন।
আজ থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট। প্রতিযোগিতাটি একটি দিবা-রাত্রির ম্যাচ হতে চলেছে এবং ভারত এই নিয়ে চতুর্থবার গোলাপী বলে টেস্ট খেলবে। এর আগে বাংলাদেশ (কলকাতা), অস্ট্রেলিয়া (অ্যাডিলেড) এবং ইংল্যান্ডের (আহমেদাবাদ) বিপক্ষে খেলেছে ভারত।