মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অর্জুন তেন্ডুলকরের অভিষেক প্রসঙ্গে মুখ খুললেন মহেলা জয়বর্দনে

Mahela Jayawardene
Mahela Jayawardene. (Photo Source: Twitter/Mumbai Indians)

এবারের আইপিএলে কী মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে অর্জুন তেন্ডুলকরের অভিষেক হবে। সরাসরি না বললেও, অর্জুনকে নিয়ে বিরাট ইঙ্গিত দিলেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ মহেলা জয়বর্দনে। তাঁর মতে দলের প্রয়োজনে যদি মনে হয়, তবে এই ম্যাচে অর্জুন খেলতেই পারেন। যদিও এখনই কোনওকিছু নিশ্চিত নয়। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে যাওয়ার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছে। সামনে প্রতিটি ম্যাচই মানরক্ষার লড়াই। সেখানেই অর্জুন তেন্ডুলকরকে খেলানো নিয়ে অনেকে সরব হয়েছেন।

আইপিএলে বরাবরই তরুণ ক্রিকেটারদের উঠে আসার সবচেয়ে বড় মঞ্চ মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিবার আইপিএলেই কোনও না কোনও তরুণ ক্রিকেটারস তাদের শিবির থেকেই তারকা হয়ে ওঠেন। একসময় জসপ্রীত বুমরাও এই শিবির থেকেই ভারতীয় দলের তারকা হয়ে উঠেছিলেন। এবারও মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের সেই ছবি যথেষ্ট স্পষ্ট। বরাবরের মতো এবারও প্রতিটি ম্যাচেই তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএলে টানা আট ম্যাচ হেরে এবার রেকর্ড তৈরি করেছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও শেষপর্যন্ত গত ৩০ এপ্রিল প্রথমবার জয়ের মুখ দেখেছেন রোহিত শর্মারা।  রাজস্থান রয়্যালসকে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয়টা ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তাদের স্বপ্ন তার অনেক আগেই ভেঙে গিয়েছে। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তরুণ ক্রিকেটার কুমার কার্তিকেয়, তিলক বর্মা, ঋত্বিক শোকিনরা সকলের নজর কেড়েছেন। বিশেষ করে কুমার কার্তিকেয় কে নিয়ে সবচেয়ে বেশী প্রশংসা শোনাযাচ্ছে প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে।

অর্জুন তেন্ডুলকরকে এবার ৩০ লক্ষ টাকা দিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স

এমন পরিস্থিতি থেকেই শেষ দুই ম্যাচের আগেই মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের অভিষেক হওয়া নিয়ে সরব হয়েছিলেন। নেটিজেনরাও অর্জুন তেন্ডুলকরের অভিষেক দেখার অপেক্ষায় রয়েছেন। সকলকে সুযোগ দিলেও এখনও পর্যন্ত অর্জুন তেন্ডুলকরকে সুযোগ দেয়নি মুম্বই ইন্ডিয়ান্স। আগামী ম্যাচে কী সেই অর্জুনকেই প্রথমবার আইপিএলের মঞ্চে দেখা যাবে।

সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মহেলা জয়বর্দনে। তিনি জানিয়েছেন, “এই স্কোয়াডে যারা রয়েছেন, তাদের সকলকেই আমরা আমাদের অপশন মনে করি। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ম্যাচ জয়। আর সেই জায়গাটাতে ঠিক করতে সঠিক দল গঠনের দিকেই তাকিয়ে থাকি আমরা। আমরা সদ্য জয়ের মুখ দেখেছি। সেই রাস্তা ধরে এগিয়ে যাওয়াই এখন আমাদের কাছে প্রধান লক্ষ্য। যে ক্রিকেটার একেবারে যোগ্য তাঁকেই এই মুহূর্তে দলে সুযোগ দেওয়া হবে। যদি অর্জুন তেন্ডুলকর তাদের মধ্যে একজন হয়, তবে  নিশ্চই তিনিও এই দলে সুযোগ পাবেন”।

এবারের আইপিএলে ৩০ লক্ষ টাকা দিয়ে অর্জুন তেন্ডুলকরকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এখনও পর্যন্ত একটিও ম্যচ খেলার সুযোগ হয়নি তাঁর। আইপিএল থেকে কার্যত ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। হারানোর আর কিছুই নেই তাদের। আসন্ন কয়েকটি ম্যাচের মধ্যেই যদি অর্জুনের অভিষেক হয় তবে হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

close whatsapp