দ্বিতীয় দিনের নিলামে লিয়াম লিভিংস্টোন প্রথম ক্রিকেটার হিসেবে ১০ কোটি টাকার বেশী দাম পেলেন
ভালো দর পেলেন ওডিয়ান স্মিথ, মার্কো য়্যানসেনও
আপডেট করা - Feb 13, 2022 1:26 pm

আইপিএল ২০২২ মেগা নিলামের দ্বিতীয় দিনেও নিলাম সঞ্চালকের ভূমিকায় দেখা গেল চারু শর্মাকে, কারণ নিয়মিত নিলাম সঞ্চালক হিউ এডমিডস সুস্থ হতে পারেননি। দিনের প্রথম খেলোয়াড় হিসেবে নিলামে উঠেছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। তাঁকে নিয়ে আগ্রহ দেখায় পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। মাঝে মুম্বইও দর ডাকে। যদিও এসআরএইচের ২.৬০ কোটি টাকা দরের বেশী আর কোন দল খরচ করতে রাজী হয়নি।
দ্বিতীয় দিনে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে অজিঙ্কা রাহানেকে। তাঁর ন্যূনতম মূল্য ১ কোটিতেই তাঁকে কেনা হয়। দিনের প্রথম তীব্র আগ্রহ তৈরী করা ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস প্রাথমিক আগ্রহ দেখানোর পর নিমেষে তাঁর দর চার কোটি টাকা ছাড়িয়ে যায়। এরপর দর ডাকতে শুরু করে পাঞ্জাব কিংস। কেকেআর ও পাঞ্জাবের টানাটানিতে দর ছাড়ায় ৬ কোটি। নাইট রাইডার্স এরপর আর বেশী খরচ করতে অনীহা দেখায় এবং গুজরাত টাইটান্স আসরে নামে। টাইটান্স ও কিংসের লড়াইয়ে অলরাউন্ডারের মূল্য ৯ কোটি টাকার সীমা অতিক্রম করে। সেখান থেকে দিনের প্রথম দশ কোটি টাকা পাওয়া ক্রিকেটার হন লিভিংস্টোন। অবশেষে পাঞ্জাব কিংস তাঁকে নিজেদের দলে নিতে সক্ষম হয় ১১.৫০ কোটি টাকার বিনিময়ে।
ব্যাটারদের চেয়ে অলরাউন্ডারদের নিয়ে আগ্রহ বেশী
এই তালিকার বাকি অলরাউন্ডারদের জন্য সবচেয়ে বেশী আগ্রহ দেখা যায় গুজরাত টাইটান্সের মধ্যে। পরপর তিনজন অলরাউন্ডারকে তারা নিজেদের দলে নেয়। ওয়েস্ট ইন্ডিজের ডমিনিক ড্রেকস, এবং ভারতীয় জয়ন্ত যাদব ও বিজয় শঙ্করকে তারা কেনে যথাক্রমে ১.১০ কোটি, ১.৭০ কোটি, ১.৪০ কোটি টাকায়। ওয়েস্ট ইন্ডিজের আরও এক অলরাউন্ডার ওডিয়ান স্মিথের জন্য পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস লড়াই শুরু করে। কিছু সময় পর সানরাইজার্স হায়দ্রাবাদও দর হাঁকতে শুরু করে। স্মিথের মূল্য সাড়ে ৩ কোটি টাকা ছাড়ানোর পর রাজস্থান রয়্যালস দ্বিতীয় দিনে তাদের প্রথম দর হাঁকে। শেষ অবধি তাঁকে ৬ কোটি টাকা দিয়ে কেনে পাঞ্জাব কিংস। আরসিবি ও রাজস্থানের মধ্যে প্রাথমিক
ভারতের সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরে নজরকাড়া পারফর্ম্যান্স দেখানো মার্কো য়্যানসেনের জন্য মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের প্রাথমিক লড়াই শুরু হলেও খানিক বাদেই সানরাইজার্স হায়দ্রাবাদ দর হাঁকা শুরু করে এবং তারাই শেষে গিয়ে তরুণ প্রোটিয়া অলরাউন্ডারকে দলে নেয় ৪.২০ কোটি টাকায়। ভারতীয় অলরাউন্ডার শিবম দুবেও ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে আগ্রহের জন্ম দেন এবং তাঁকে কেনে সিএসকে ৪ কোটি টাকায়। কৃষ্ণাপ্পা গৌতমকে ৯০ লাখ টাকায় কেনে লখনউ সুপার জায়ান্টস।
দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডে কোন ব্যাটার কোন দলে
এইডেন মার্করাম – সানরাইজার্স হায়দ্রাবাদ – ২.৬০ কোটি টাকা
অজিঙ্কা রাহানে – কলকাতা নাইট রাইডার্স – ১ কোটি টাকা
ডাউইড মালান – অবিক্রিত
মনদীপ সিং – দিল্লী ক্যাপিটালস – ১.১০ কোটি টাকা
মার্নাস ল্যাবুশেন – অবিক্রিত
অইন মর্গ্যান – অবিক্রিত
সৌরভ তিওয়ারি – অবিক্রিত
অ্যারন ফিঞ্চ – অবিক্রিত
চেতেশ্বর পূজারা – অবিক্রিত
দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডে কোন অলরাউন্ডার কোন দলে
লিয়াম লিভিংস্টোন – পাঞ্জাব কিংস – ১১.৫০ কোটি টাকা
ডমিনিক ড্রেকস – গুজরাত টাইটান্স – ১.১০ কোটি টাকা
জেমস নিশ্যাম – অবিক্রিত
জয়ন্ত যাদব – গুজরাত টাইটান্স – ১.৭০ কোটি টাকা
বিজয় শঙ্কর – গুজরাত টাইটান্স – ১.৪০ কোটি টাকা
ক্রিস জর্ডান – অবিক্রিত
ওডিয়ান স্মিথ – পাঞ্জাব কিংস – ৬ কোটি টাকা
মার্কো য়্যানসেন – সানরাইজার্স হায়দ্রাবাদ – ৪.২০ কোটি টাকা
শিবম দুবে – চেন্নাই সুপার কিংস – ৪ কোটি টাকা
কৃষ্ণাপ্পা গৌতম – লখনউ সুপার জায়ান্টস – ৯০ লাখ টাকা