অশ্বিন বা অক্ষর নয়, অস্ট্রেলিয়া সিরিজে এক্স-ফ্যাক্টর হবেন কুলদীপ, মত প্রাক্তন সতীর্থর

কুলদীপের নিয়মিত সুযোগ পাওয়া উচিৎ বলে মনে করেন প্রাক্তন ক্রিকেটার

Kuldeep Yadav
Kuldeep Yadav. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

এই বছরের শেষের দিকে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার প্রস্তুতি শুরু হয়েছে। তারা বর্তমানে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে এবং এরপর নিউ জিল্যান্ডের মোকাবিলা করবে। সেই সিরিজের পরে মেন ইন ব্লু চারটি টেস্ট ম্যাচের জন্য বর্ডার গাভাস্কার ট্রফিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধতা করবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডাব্লিউটিসি)-র ফাইনালের আগে এটি উভয় দলের জন্যই শেষ টেস্ট সিরিজ হবে।

ডাব্লিউটিসি পয়েন্ট র‌্যাঙ্কিংয়ে দীর্ঘদিন ধরে শীর্ষস্থানে আধিপত্য বজায় রেখেছে অস্ট্রেলিয়া। গত মাসে বাংলাদেশের বিপক্ষে জয়ের সৌজন্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ভারতীয় নির্বাচকরা সেই সিরিজের জন্য কোন স্কোয়াড বেছে নেবেন তার প্রতি অনেকেরই উৎসাহ রয়েছে। ভারতে ঐতিহ্যগতভাবে একটি সিরিজের ফলাফল নির্ধারণে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে এই সিরিজের জন্য ভাত কোন স্পিনারদের উপর ভরসা করে সেই দিকে নজর থাকবে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর বিশ্বাস করেন যে বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল ও অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের চেয়ে ভারতের “এক্স-ফ্যাক্টর” হিসেবে এগিয়ে থাকবেন কুলদীপ যাদব। ভারতীয় দলে এখনও ধারাবাহিকভাবে সুযোগ পান না কুলদীপ। তবে রিস্ট-স্পিনার বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে আরও একবার তাঁর যোগ্যতা প্রমাণ করেছেন। ১০ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন কুলদীপ।

“সে সবসময়ই ভালো খেলোয়াড় ছিল। বিষয়টা তার আত্মবিশ্বাস সম্পর্কে। আমরা রোহিত শর্মাকে দেখেছি যে সে তরুণ বোলারদের আত্মবিশ্বাস দিতে পারে। এখন সময় এসেছে কুলদীপ যাদবকে টানা খেলিয়ে যাওয়ার। অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে তার বোলিং অনেক গুরুত্বপূর্ণ হবে। যদি তাকে বাইরে রেখে দেওয়া হয় এবং তাকে ওয়ানডে ফর্ম্যাটে না খেলিয়ে তাকে হঠাৎ টেস্ট সিরিজের জন্য নিয়ে আসা হয়, তা হলে সে অনেক কম বোলিং নিয়ে নামবে,” স্টার স্পোর্টসের সঙ্গে একটি কথোপকথনে গম্ভীর বলেছেন।

অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ পর্যন্ত ৫০ ওভারের ফর্ম্যাটের প্রতিটি ম্যাচ খেলা উচিৎ কুলদীপের: গৌতম গম্ভীর

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক টেস্ট সিরিজে দলের অংশ ছিলেন কুলদীপ যাদব। প্রথম টেস্টে তিনি একটি সুনির্মিত ৪০ রানের ইনিংস খেলে তাঁর ব্যাটিং দক্ষতা প্রদর্শন করেছিলেন। অশ্বিনের সঙ্গে ৮৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ভারতকে ৪০৪ রান তুলতে সাহায্য করেছিলেন। এরপর তিনি পাঁচ উইকেট তুলে নিয়ে স্বাগতিক বাংলাদেশকে ১৫০ রানে গুটিয়ে দেন। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও পান কুলদীপ।

“আমি মনে করি অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ পর্যন্ত তার ৫০ ওভারের ফর্ম্যাটের প্রতিটি ম্যাচ খেলা উচিৎ কারণ সে সিরিজে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে। আমার মতে অশ্বিন ও অক্ষর প্যাটেলের আগে সেই এক্স-ফ্যাক্টর হতে চলেছে,” তিনি যোগ করেছেন।

close whatsapp