প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন বুমরাহর চোট বাকি বোলারদের জন্য সুযোগ
দ্রাবিড় আরও বলেছেন পরিবর্ত হিসাবে কোন বোলার আসবেন, সেই নিয়ে এখনই সিদ্ধান্ত নয়
আপডেট করা - Oct 5, 2022 11:02 am

শেষ টি-টোয়েন্টিতে আধিপত্য দেখিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীরা ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে ৪৯ রানে জিতেছে, এবং ভারতের বোলিং সমস্যা আবারও সামনে এসেছে। ভারতীয় প্রধান কোচ রাহুল দ্রাবিড় দলের অন্যতম ভরসা জসপ্রিত বুমরাহকে হারানোর জন্য দুঃখ প্রকাশ করলেও আশা করেন যে তারকা পেসারের অনুপস্থিতিতে অন্য কেউ নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন।
পর পর দুই ম্যাচে ভারতীয় বোলাররা বিপক্ষের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে দিশা হারিয়েছে এবং ইন্দোরের তুলনামূলক ছোট মাঠে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ইচ্ছামতো চার-ছয় মেরেছিলেন। অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়া জসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে ভারতের বোলিং নিয়ে টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তার অভাব নেই।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড় স্বীকার করেছেন যে বুমরাহর চোট মেন ইন ব্লুর জন্য একটি বড় ধাক্কা। তিনি বলেছেন যে চোট পাওয়া পেসারের পরিবর্ত হিসাবে মহম্মদ শামিই উপযুক্ত বোলার, এবং সদ্য সমাপ্ত সিরিজে শামি খেলতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জরুরী প্রস্তুতির সুযোগ পেতেন।
“বুমরাহের অনুপস্থিতি একটি বড় ক্ষতি, সে একজন দুর্দান্ত খেলোয়াড় কিন্তু এমন ঘটতেই পারে। তবে অন্য কারও পক্ষে উঠে দাঁড়ানোর একটি সুযোগও বটে। আমরা তাকে মিস করব। শামি এমন একজন যে স্ট্যান্ডবাইতে আছে। দুর্ভাগ্যবশত সে এই সিরিজে খেলতে পারেনি। সেই দৃষ্টিকোণ থেকে এটি আদর্শ হত, কিন্তু এই মুহূর্তে সে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছে,” মঙ্গলবার ম্যাচ-পরবর্তী সম্মেলনে দ্রাবিড় বলেছেন।
শামির সুস্থ হওয়ার রিপোর্ট মূল্যায়ন করার পরে রাহুল দ্রাবিড় সিদ্ধান্ত নেবেন
দক্ষিণ আফ্রিকা সিরিজে বুমরাহর বদলি হিসেবে মনোনীত হওয়া মহম্মদ সিরাজ ডেথ ওভারে খুব খারাপ বোলিং না করলেও তাঁর চার ওভারে ৪৪ রান দিয়েছিলেন। সিরাজের বিশেষ সফল না হওয়া শামির জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে এবং দ্রাবিড় বলেছেন যে শামির পুনরুদ্ধারের মূল্যায়ন করার পর আগামী দিনে আইসিসি মেগা ইভেন্টে শামির অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
“সে কতটা সুস্থ হচ্ছে এবং কোভিডের ১৪-১৫ দিন পরে তার অবস্থা কী, সেই নিয়ে আমাদের রিপোর্ট পেতে হবে, এবং আমরা একটি সিদ্ধান্ত নেব। তার অবস্থা কেমন, সেই সম্পর্কে একটি রিপোর্ট পাওয়ার পরেই আমরা (আমি এবং নির্বাচকরা) এই সম্পর্কে একটি সিদ্ধান্ত নিতে পারব,” দ্রাবিড় যোগ করেছেন।