আইপিএল ২০২২ থেকে সরে দাঁড়ালেন জেসন রয়
নিলামে রয়কে ২ কোটি টাকা দিয়ে কেনা গুজরাত টাইটান্স এখনও কোন পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেনি
আপডেট করা - Mar 1, 2022 10:35 am

গত দুটি সংস্করণের মতো এবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বায়ো বাবলের নিরাপদ বলয়ের মধ্যেই আয়োজন করা হবে। সেই বাবলে থাকার ক্লান্তির কারণ দেখিয়ে আইপিএল ২০২২ মরসুমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার জেসন রয়। রয় তাঁর ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সকেও তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ডান হাতের ব্যাটারটিকে গুজরাত টাইটান্স তাঁর ন্যূনতম মূল্য ২ কোটি টাকায় কিনেছিল। রয় অতীতেও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আইপিএলের ১৩তম সংস্করণে, দিল্লি ক্যাপিটালস দল ১.৫ কোটি টাকায় ব্যাটারটিকে কিনেছিল, কিন্তু তিনি টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আইপিএলের ২০২২ সংস্করণটি ১০ দলের ইভেন্ট হবে, কারণ দুটি নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজি, লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্স এই প্রতিযোগিতায় যুক্ত হয়েছে।
পাকিস্তান সুপার লিগে ভালো ফর্মে ছিলেন জেসন রয়
৩১ বছর বয়সী এই ক্রিকেটার গত মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করেছিলেন এবং মাঝারি মানের পারফরম্যান্স দেখিয়েছিলেন। তিনি এই বছর পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে ভালো ফর্মে ছিলেন। তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে মাত্র ছয়টি ম্যাচ খেলেছেন, তবে, তিনি তাদের সর্বোচ্চ রান-স্কোরার এবং টুর্নামেন্টের অন্যতম শীর্ষ স্কোরার হিসেবে শেষ করেছেন। মাত্র ছয় ম্যাচে এই ইংলিশ ক্রিকেটার ৫০.৫০ গড়ে এবং ১৭০.২২ স্ট্রাইক রেটে ৩০৩ রান করেছেন।
তাঁর আইপিএল কেরিয়ারে রয় ১৩টি ম্যাচ খেলে ২৯.৯১ গড়ে এবং ১২৯.০২ স্ট্রাইক রেটে ৩২৯ রান করেছেন। ডানহাতি এই ব্যাটারের আইপিএল কেরিয়ারে ২টি হাফ সেঞ্চুরিও রয়েছে।
তাঁর ফর্ম গুজরাত টাইটান্সকে নিশ্চিতভাবে উত্তেজিত করেছিল এবং ফ্র্যাঞ্চাইজি আশা করেছিল আইপিএল ২০২২-এ শুবমান গিলের সাথে ওপেনার হিসেবে রয়কেই দেখা যাবে৷ নিলামের আগে হার্দিক পান্ডিয়া, গিল ও রশিদ খানকে ড্রাফট থেকে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। আহমেদাবাদ কেন্দ্রিক দলটি একটি শক্তিশালী দল তৈরী করেছে যেখানে ভারতের হয়ে জাতীয় দলে খেলা মহম্মদ শামি, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহাদের সঙ্গে এবং বিদেশী হিসেবে থাকবেন ডেভিড মিলার, লকি ফার্গুসন, ম্যাথু ওয়েডরা।
আইপিএলের ২০২২ সংস্করণ ২৬শে মার্চ শুরু হতে চলেছে৷ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে) দুই বারের আইপিএল বিজয়ী কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে খেলবে। টুর্নামেন্টটি ২৯শে মে শেষ হবে। আইপিএলের ২০২২ সংস্করণ মহারাষ্ট্র রাজ্যে খেলা হবে, ম্যাচগুলি মুম্বাই এবং পুনে জুড়ে অনুষ্ঠিত হবে।