“আর কখনও ফুটবল খেলব না” – অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন ওয়াশিংটন সুন্দর
কাঁধের উন্নতিতে সচেষ্ট হয়েছেন ডান-হাতি অফ-স্পিনার
আপডেট করা - Nov 18, 2022 2:35 pm

টিম ইন্ডিয়ার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর প্রকাশ করেছেন যে ২০১৮ সালে তাঁর গোড়ালি ভেঙে যাওয়ার পর থেকে ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় কখনও ফুটবল না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিউ জিল্যান্ডে আয়োজিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অংশ ওয়াশিংটন। ১৮ই নভেম্বর শুক্রবার ওয়েলিংটনে সিরিজের প্রথম ম্যাচের আগে চোট থেকে ফিরে আসার পরের পরিশ্রমের কথা তুলে ধরেছেন তিনি।
২০২১-এর মার্চ মাসে ওয়াশিংটন শেষবার ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। আঠেরো মাস পরে স্কোয়াডে প্রত্যাবর্তন করেছেন তামিল নাড়ুর অফ-স্পিনার। অক্টোবরে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়া ভারতীয় দলের অংশ ছিলেন এই অফ-স্পিনার। কিউইদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে সম্প্রচারকদের সঙ্গে কথা বলতে গিয়ে ওয়াশিংটন তাঁর ওয়ার্ম-আপ রুটিনের কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, “একবার ম্যাচের আগে ফুটবল খেলতে গিয়ে আমার গোড়ালি ভেঙে গিয়েছিল, তাই আমি নিজেকে বলেছিলাম যে আমি আর কখনও ফুটবল খেলব না। ওয়ার্ম-আপ, জগ, স্ট্রেচ ইত্যাদি ছাড়া আমি আরও অনেক কিছু করি।”
সানরাইজার্স হায়দ্রাবাদের ক্রিকেটার ২০১৮-য় আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ম্যালাহাইডে একটি প্রশিক্ষণের সময় ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে তো বাদ পড়েছিলেনই, ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী সফরের সীমিত ওভারের সিরিজ থেকেও থেকে বাদ পড়েছিলেন।
বছরের পর বছর ধরে ওয়াশিংটন চোটের কারণে জর্জরিত হয়েছে। ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি খেলার সময় কাঁধে চোট পাওয়ার কারণে অগাস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে থেকেও বাদ পড়েছিলেন তিনি। চোট সারিয়ে মাঠে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি এনসিএ-তে অনেক সময় কাটিয়েছি। চোট পাওয়ার আগে ল্যাঙ্কাশায়ারের হয়ে ভালো সময় কেটেছিল আশ্চর্যজনক। আমি আমার শরীর নিয়ে, বিশেষ করে আমার কাঁধের উন্নতিতে অনেক কাজ করেছি।”
নিউ জিল্যান্ড আমার প্রিয় দেশগুলোর একটি: ওয়াশিংটন সুন্দর
চোট এবং ফিটনেস সমস্যার দ্বারা প্রভাবিত কেরিয়ারে ওয়াশিংটন এখনও পর্যন্ত ভারতের হয়ে চারটি টেস্ট, ছয়টি ওডিআই এবং ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন। নিউ জিল্যান্ডে থাকার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে এই অলরাউন্ডার দেশটিকে তাঁর অন্যতম প্রিয় জায়গা হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেছেন, “নিউ জিল্যান্ড আমার প্রিয় দেশগুলোর একটি। আবহাওয়া এবং মানুষ সত্যিই মনোরম। এখানে আসার পর থেকে আমরা রেস্তোরাঁয়, দোকানে অনেক সময় কাটিয়েছি। আমরা এই কাজগুলি উপভোগ করি, এখানে আমাদের গোপনীয়তা উপভোগ করি।”
ওয়েলিংটনে নিরন্তর বৃষ্টির কারণে ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়ে গেছে।