ফিটনেসের বিষয়ে বিরাটকে দেখে শিখুক রোহিত, আর্জি কপিল দেবের
রোহিতের ফিটনেস প্রসঙ্গে কপিল দেব আরও বলেছেন, "আপনি যদি ফিট না হন তবে সেটা লজ্জার"
আপডেট করা - Feb 23, 2023 4:56 pm

প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বিশ্বকাপজয়ী কিংবদন্তী কপিল দেব মনে করেন যে রোহিত শর্মাকে তাঁর ফিটনেসের উন্নতি করা দরকার কারণ তাঁর ওজন কিছুটা বেশী। দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা ব্যাটার বর্তমানে বর্ডার-গাভাস্কার ট্রফিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন।
সম্প্রতি, প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে খেলার সমস্ত ফর্ম্যাটে আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন রোহিত। নাগপুরে উদ্বোধনী টেস্টে ৩৫ বছর বয়সী এই ব্যাটার কৃতিত্বটি অর্জন করেন। প্রথম টেস্টে ১২০ রান করার পরে রোহিত দিল্লিতে দ্বিতীয় টেস্টে ৩২ ও ৩১ রানের দুটি ইনিংস খেলেন।
টিভিতে রোহিতকে কিছুটা বেশী ওজনের দেখায়: কপিল দেব
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে হিটম্যানের অনবদ্য পারফর্ম্যান্স সত্ত্বেও কপিল দেব ভারতীয় অধিনায়কের ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি যোগ করেছেন যে ৩৫ বছর বয়সীকে তাঁর ওজন কমানোর দিকে মনোনিবেশ করতে হবে এবং দলের একজন অধিনায়ক হিসেবে তাঁর ফিট থাকা খুবই গুরুত্বপূর্ণ। রোহিতকে একজন দুর্দান্ত ব্যাটার এবং দুর্দান্ত অধিনায়ক বলে অভিহিত করেছেন প্রাক্তন অলরাউন্ডার।
“এটা খুবই গুরুত্বপূর্ণ (ফিট থাকা)। একজন অধিনায়কের জন্য আরও বেশী। আপনি যদি ফিট না হন তবে সেটা লজ্জার। রোহিতকে এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সে একজন দুর্দান্ত ব্যাটার কিন্তু আপনি যখন তার ফিটনেস নিয়ে কথা বলেন, অন্তত টিভিতে তাকে কিছুটা বেশী ওজনের দেখায়,” কপিল দেব এবিপি নিউজকে বলেছেন।
“হ্যাঁ, একজনকে প্রথমে টিভিতে এবং তারপরে বাস্তব জীবনে দেখলে আলাদা লাগে। কিন্তু আমি যা দেখছি, রোহিত একজন দুর্দান্ত খেলোয়াড় এবং দুর্দান্ত অধিনায়ক, তবে তার ফিট হওয়া দরকার। বিরাটের দিকে তাকান, যখনই আপনি তাকে দেখেন, আপনি বলবেন, ‘এটা হল ফিটনেস!’, বলেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
কপিল নিজেও ফিটনেসের জন্য পরিচিত ছিলেন। তাঁর খেলার দিনগুলিতে সামগ্রিকভাবে ফিটনেসের যে মান ছিল, তার প্রেক্ষিতে তিনি খুবই ফিট ছিলেন এবং ষোল বছরেরও বেশী দীর্ঘ কেরিয়ারে জাতীয় দলের হয়ে সর্বাত্মক অবদান রাখতে পেরেছিলেন।
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ১লা মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আয়োজিত হতে চলা তৃতীয় টেস্টের জন্য অপেক্ষা করছে। রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন দল প্রথম দুটি টেস্ট জিতেছে এবং চার ম্যাচের সিরিজে অনতিক্রম্য ২-০ ব্যবধানে এগিয়ে আছে।
সিরিজের উদ্বোধনী ম্যাচে এক ইনিংস ও ১৩২ রানে জিতেছিল স্বাগতিকরা। প্রথম ম্যাচে জয়ের পরে ভারতীয় দল একইরকম চাপ বজায় রেখে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের জিতেছে এবং বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রেখেছে। জুনে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাওয়া থেকে একটি জয় দূরে ভারত।