মুম্বই বনাম চেন্নাই ম্যাচকে আইপিএলের এল ক্লাসিকো হিসেবে অভিহিত করলেন উনাদকাট
প্রথম জয় পেতে বোলারদের একজোট হয়ে লড়ার বার্তা দিলেন তিনি
আপডেট করা - Apr 20, 2022 7:50 pm

মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) পেসার জয়দেব উনাদকাট মনে করেন যে এমআই এবং চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মধ্যে ম্যাচটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এল ক্লাসিকো। দুটি দল লিগের সবচেয়ে সফল দল হিসেবে বিবেচিত হয় এবং দুই দলের মিলিয়ে মোট নয়টি আইপিএল ট্রফি রয়েছে। মুম্বই পাঁচবার চ্যাম্পিয়ন হলেও সিএসকেও চারটি ট্রফি নিয়ে পিছিয়ে নেই। দুই দলই অধুনালুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে দুবার করে।
মুম্বই এবং চেন্নাইয়ের বিশ্বজুড়ে প্রচুর ভক্ত রয়েছে, এবং দুটি দল মুখোমুখি হলে সবসময়ই রোমাঞ্চকর ম্যাচ হয়। আইপিএলে এখনও অবধি দুটি দল ৩৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ২০টি ম্যাচে মুম্বই জিতেছে। ২১শে এপ্রিল, বৃহস্পতিবার, আইপিএল ২০২২-এর ৩৩তম ম্যাচে দুটি দল একে অপরের বিরুদ্ধে নামছে এবং ম্যাচের ঠিক আগে, উনাদকাট বহুল প্রত্যাশিত ম্যাচ সম্পর্কে তাঁর মতামত প্রকাশ করেছেন।
খারাপ শুরুর পরেও মুম্বইয়ের প্রত্যাবর্তনের ব্যাপারে আশাবাদী উনাদকাট
“সবাই জানে এমআই এবং সিএসকে সবচেয়ে সফল দল। বলতে গেলে, এটি সম্ভবত আইপিএলের এল ক্লাসিকো। উভয় দলই কঠিন লড়াই লড়তে প্রস্তুত এবং এটি একটি ভাল প্রতিযোগিতা হবে,” বুধবার মিডিয়ার সঙ্গে কথোপকথনের সময় উনাদকাটকে উদ্ধৃত করা হয়েছে।
এই বছরে দুটি দলের পারফরম্যান্সেই অতীব খারাপ হয়েছে। চেন্নাই সুপার কিংস পয়েন্ট পেলেও এমআই এখনও তাদের খাতা খুলতে পারেনি। এই মুহূর্তে ছয় ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে, সিএসকে তাদের প্রতিপক্ষের থেকে মাত্র এক ধাপ উপরে। ছয় ম্যাচে মাত্র একটি জয় নিয়ে তার নবম স্থানে রয়েছে।
টানা ছয়টি হারের পর বড় প্রশ্নের মুখে পড়েছে দলের বোলিং বিভাগ। সেই প্রসঙ্গে উনাদকাট বলেছেন, “একটি সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে এবং এটিই আমরা খুঁজছি। আমাদের মধ্যে আলোচনা চলছে কীভাবে বোলিং ইউনিট একজোট হয়ে পারফর্ম করতে পারে।”
ডেথ ওভারে এমআই-এর বোলিং আক্রমণ সম্পর্কে তাঁর মতামত প্রকাশ করেছেন উনাদকাট। “ডেথ বোলিং একটি উদ্বেগের বিষয়। স্বতঃস্ফূর্ত হওয়া গুরুত্বপূর্ণ, নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে, যা আমরা বিগত কয়েকটি খেলায় করিনি,” তিনি বলেছেন।
৩০ বছর বয়সী সৌরাষ্ট্রের বোলার আরও বলেছেন যে এমআইকে এখনই লিগের বাইরে ভাবা উচিত নয় কারণ দলটি একাধিক হারের পরেও ফিরে আসার প্রমাণ দিয়েছে অতীতে। “এমআই এতো দিন ধরে আছে – তারা ব্যর্থতা দেখেছে, তারা ট্রফিও জিতেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য, শান্ত হতে হবে,” উনাদকাট যোগ করেছেন।