মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মার্কাস স্টয়নিসের খেলা ইনিংসের প্রশংসা করলেন এবি ডি ভিলিয়ার্স
আপডেট করা - May 17, 2023 7:33 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬৩ তম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন দল লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি)। এই ম্যাচে মার্কাস স্টয়নিস একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়াও অধিনায়ক ক্রুনাল পান্ডিয়াও একটি ভালো ইনিংস খেলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলের প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স মার্কাস স্টয়নিসের এই অসাধারণ ইনিংসটির প্রশংসা করেছেন।
প্ৰথমে ব্যাট করতে নেমে খুব তাড়াতাড়ি ৩টি উইকেট হারিয়েছিল এলএসজি। কিন্তু ক্রুনাল পান্ডিয়া এবং মার্কাস স্টয়নিস মিলে তাদের দলকে এই ব্যাটিং বিপর্যয় থেকে উদ্ধার করেন। তারা দুজনে মিলে ৮২ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। এরপর ক্রুনাল পান্ডিয়া চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। তিনি ৪২ বলে অপরাজিত ৪৯ রান করেন। কিন্তু মার্কাস স্টয়নিস শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে এলএসজিকে একটি ভালো স্কোরে পৌঁছে দেন। ২০ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান করে লখনউ সুপার জায়ান্টাস। স্টয়নিস ৪৭ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন। তিনি এই বিধ্বংসী ইনিংসে ৪টি চার এবং ৮টি ছয় মারেন। মুম্বাই ইন্ডিয়ান্স স্কোরবোর্ডে ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান তুলতে সক্ষম হয়। মার্কাস স্টয়নিসকে এই ম্যাচের ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়।
এবি ডি ভিলিয়ার্স নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানান, “একজন “ইন ব্যাটারের” শেষ ৩-৪ ওভারের জন্য সেখানে থাকার মূল্য – অমূল্য! আমি আবারও বলছি, জেতা এবং হারার মধ্যে পার্থক্য #স্টয়নিস,”
The value of an “in batter” being there for the last 3/4 overs- priceless! I say it again, difference between winning and losing #stoinis
— AB de Villiers (@ABdeVilliers17) May 16, 2023
প্লেঅফসের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে লখনউ সুপার জায়ান্টাস
মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় প্লেঅফসের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে লখনউ সুপার জায়ান্টাস। এই ম্যাচটি দুটি দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু শেষ ওভারে মহসিন খানের দুর্দান্ত বোলিং এলএসজিকে এই ম্যাচে জয় এনে দেয়।
লখনউ সুপার জায়ান্টাস এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের নেট রান রেট হল +০.৩০৪। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা তৃতীয় স্থানে রয়েছে।
২০মে, শনিবার, ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে নীতিশ রানার নেতৃত্বাধীন দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টাস। এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।