ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার সম্ভাবনা প্রায় নেই মিচেল স্টার্কের
আঙুলের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টেও খেলতে পারেননি স্টার্ক
আপডেট করা - Jan 14, 2023 3:22 pm

অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ক আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে নাও খেলতে পারেন কারণ তিনি জানিয়েছেন যে তাঁর আঙুলের চোট সম্ভবত তত দিনে সেরে যাবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্প্রতি শেষ হওয়া বক্সিং ডে টেস্টের সময় গুরুতর চোট পেয়েছিলেন স্টার্ক। তাঁর বাম হাতের মাঝের আঙুলে আঘাত লেগেছিল এবং হাড় থেকে টেন্ডন বিচ্ছিন্ন হয়ে গেছে।
চোটের কারণে তিনি সিডনিতে তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েছিলেন। নিয়মিত বৃষ্টির বাধার কারণে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয় এবং অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ করার সুযোগ থেকে বঞ্চিত হয়। তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জেতে স্বাগতিকরা। অস্ট্রেলিয়া বর্তমানে তাদের কৃতিত্বের জন্য ১৩৬ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার আগে রয়েছে এবং প্রতিযোগিতার শীর্ষ সংঘর্ষে খেলার জন্য অন্যতম দাবীদার। তাদের আসন্ন প্রতিপক্ষ ভারত মোট ৯৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
আশা করি দ্বিতীয় টেস্টে আমি থাকব: মিচেল স্টার্ক
বহুল প্রত্যাশিত সেই সিরিজের প্রথম টেস্টটি ৯ই ফেব্রুয়ারি থেকে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনে খেলা হবে। প্রথম ম্যাচের আগে সম্পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার আশা করছেন না বাঁ-হাতি পেসার। প্রথম টেস্ট ও দ্বিতীয় টেস্টের মধ্যে চার দিনের ব্যবধান রয়েছে। দ্বিতীয় ম্যাচটি ১৭ই ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অ্যামাজন প্রাইমের দ্য টেস্ট ডকুমেন্টারি প্রকাশের সময় স্টার্ক এএপি-কে বলেছেন, “সম্ভবত আমি প্রথম টেস্ট খেলতে পারব না। মাসের শেষে আমার অবস্থা কেমন হয় সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। যদি তারা আমাকে খেলতে চায় তবে আশা করি দ্বিতীয় টেস্টে আমি থাকব। হয়তো আমি গাজ্জা (ন্যাথান লায়ন) বা বাকীদের জন্য কিছু ফুটমার্ক তৈরী করতে পারি। আমরা দেখব আঙুলের কী অবস্থা হয়।”
অফ-স্পিনার ন্যাথান লায়নের সঙ্গে জশ হ্যাজলউড, অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের পেসত্রয়ী আসন্ন সিরিজে অস্ট্রেলিয়ার চাবিকাঠি হবে। ২০০৪-এর পর থেকে অস্ট্রেলিয়া একবারও ভারত সফরে এসে টেস্ট সিরিজ জিততে পারেনি।