ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ পাকিস্তান ভারতকে পরাজিত করতে পারবে, মনে করছেন আকিব জাভেদ
আপডেট করা - Aug 10, 2023 6:22 pm

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সময়সূচি ঘোষণা হওয়ার পর থেকেই ক্রিকেট প্রেমীরা ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করা শুরু করে দিয়েছিল। এই দুটি দেশ একে অপরের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টেই এই দুটি দলকে একে অপরের মুখোমুখি হতে দেখা যায়। তাই ক্রিকেট ভক্তরা ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। আসন্ন ওডিআই বিশ্বকাপে হতে চলা এই হাই-ভোল্টেজ ম্যাচের ব্যাপারে উভয় দেশের ক্রিকেট বিশেষজ্ঞরাই নিজেদের বক্তব্য জানাচ্ছেন। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ এই ম্যাচটি নিয়ে মুখ খুলেছেন।
১৯৯২ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকিব জাভেদ মনে করছেন যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ পাকিস্তান ভারতকে পরাজিত করতে পারবে। তার মতে, ভারতের তুলনায় পাকিস্তানের দল বেশি ভারসাম্যপূর্ণ।
ক্রিকউইক আকিব জাভেদের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমি মনে করি পাকিস্তান দল ভারসাম্যপূর্ণ এবং খেলোয়াড়দের বয়সের গ্রাফ অনেক ভালো, ভারত সেই পর্যায়ে রয়েছে যেখানে তাদের দলে বড় নাম রয়েছে কিন্তু তাদের ফিটনেস এবং ফর্ম ঠিকঠাক জায়গায় নেই। তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে এবং একটি সঠিক সংমিশ্রণ তৈরি করার ক্ষেত্রে তাদের নতুন খেলোয়াড় খুঁজতে হতে পারে। আমি মনে করি পাকিস্তানের কাছে ভারতে ভারতকে হারানোর দুর্দান্ত সুযোগ রয়েছে।”
ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তিত হয়েছে
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সময়সূচিতে কয়েকটি পরিবর্তন করা হয়েছে। আসন্ন বিশ্বকাপের ৯টি ম্যাচের দিন পরিবর্তিত হয়েছে। এর মধ্যে ভারত বনাম পাকিস্তানের ম্যাচও রয়েছে। ১৫ই অক্টোবরের পরিবর্তে ১৪ই অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারত-পাকিস্তান সহ বাকি ৮টি ম্যাচের কেন্দ্র পরিবর্তন করা হয়নি। সুতরাং, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ভারত বনাম পাকিস্তান ম্যাচটি খেলা হবে।
ওডিআই বিশ্বকাপে এখনও অবধি একবারও ভারতকে পরাজিত করতে পারেনি পাকিস্তান। এই দুটি দল ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে এবং প্রত্যেকবারই জয় পেয়েছে ভারত। আসন্ন ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত তাদের জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৯টি ম্যাচের পরিবর্তিত সময় সূচী
ইংল্যান্ড বনাম বাংলাদেশ – ১০ই অক্টোবর, মঙ্গলবার (সকাল ১০.৩০টা)
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা – ১০ই অক্টোবর, মঙ্গলবার (দুপুর ২ টো)
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা – ১২ই অক্টোবর, বৃহস্পতিবার (দুপুর ২টো)
নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ – ১৩ই অক্টোবর, শুক্রবার (দুপুর ২টো)
ভারত বনাম পাকিস্তান – ১৪ই অক্টোবর, শনিবার(দুপুর ২ টো )
ইংল্যান্ড বনাম আফগানিস্তান – ১৫ই অক্টোবর, রবিবার (দুপুর ২ টো)
অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ – ১১ই নভেম্বর, শনিবার, (সকাল ১০.৩০টা)
ইংল্যান্ড বনাম পাকিস্তান – ১১ই নভেম্বর, শনিবার (দুপুর ২ টো)
ভারত বনাম নেদারল্যান্ডস – ১২ই নভেম্বর, রবিবার (দুপুর ২ টো)