রুতুরাজ গায়কওয়াড়ের প্রশংসা করলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া
আপডেট করা - Apr 1, 2023 2:17 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের উদ্বোধনী ম্যাচে গত মরসুমের শিরোপা জয়ী গুজরাট টাইটান্স (জিটি) মুখোমুখি হয়েছিল চারবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ধোনির নেতৃত্বাধীন দলকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে হারতে হলেও ব্যাট হাতে সবাইকে আশ্চর্য করেছেন রুতুরাজ গায়কওয়াড়। সিএসকের এই ওপেনারের প্রশংসা করেছেন প্রতিপক্ষের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
রুতুরাজ বাদে চেন্নাই সুপাই কিংসের বাকি ব্যাটসম্যানরা ব্যাট হাতে খুব একটা সফল হয়নি। এই ২৬ বছর বয়সী ওপেনার মাত্র ৫০ বল খেলে ৯২ রান করেন। এই দুধর্ষ ইনিংসে ছিল ৪টি চার এবং ৯টি ছয়। গুজরাট টাইটান্সের বোলাররা অতিরিক্ত ৮ রান দেয়। সুতরাং, সিএসকের ১৭৮ রানের মধ্যে রুতুরাজ বাদে বাকি ব্যাটসম্যানদের অবদান হল ৭৮ রান।
হার্দিক পান্ডিয়া রুতুরাজের প্রশংসায় বলেন যে তার মনে হচ্ছিল যে তারা রুতুরাজকে আউট করতে পারবেন না। তার মতে যে সিএসকের এই ওপেনার কিছু অসাধারণ শট খেলেছেন এবং সেই বলগুলি খারাপ ছিল না।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে হার্দিক পান্ডিয়া বলেন, “এক সময়ে, মনে হচ্ছিল সিএসকে ২২০-২৩০ রান করবে। রুতুরাজকে কোন জায়গায় বল করা উচিত তা নিয়ে আমাদের সমস্যা হচ্ছিল। আমি সত্যিই মনে করেছিলাম যে আজ আমরা কোনোভাবেই তাকে আউট করতে পারব না।”
তিনি আরও বলেন, “তিনি যে শটগুলি খেলেছেন তার মধ্যে সব বল খারাপ ছিল না; ভালো বলেও তিনি হিট করছিলেন। বোলিং বিভাগ এবং একজন অধিনায়ক হিসাবে, এটি আমার কাজকে আরও কঠিন করে তুলেছিল।”
“রুতু কিছু শট খেলেছিল যেখানে বোলারের কিছুই করার ছিল না” – হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া জানিয়েছেন যে রুতুরাজ এরকমভাবে খেলতে থাকলে ভারতীয় দলের হয়ে বিস্ময়কর কাজ করবেন। গুজরাট টাইটান্সের অধিনায়ক সিএসকের ওপেনারের শটগুলিরও প্রশংসা করেছেন।
হার্দিক পান্ডিয়া বলেন, “রুতু কিছু শট খেলেছিল যেখানে বোলারের কিছুই করার ছিল না। তিনি কিছু অসাধারণ শট খেলেন। তিনি যেভাবে ব্যাটিং করেছেন সেটার পেছনে সম্পূর্ণ কৃতিত্বই তার এবং যদি তিনি এটি চালিয়ে যান তবে তিনি ভারতীয় ক্রিকেটের জন্য বিস্ময়কর কাজ করতে চলেছেন। তার খেলা খুবই সুন্দর এবং আমি নিশ্চিত যে যখন সময় আসবে তখন ভারতীয় ক্রিকেট দল তাকে যথেষ্ট সমর্থন করবে।”