এক সময়ে ইংল্যান্ডের হয়ে খেলা ক্রিকেটারকে টি-২০ স্কোয়াডে নিল জিম্বাবোয়ে

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৫ জনের স্কোয়াডে রয়েছেন গ্যারি ব্যালান্স

Zimbabwe Win
Zimbabwe Team. (Image Source: Twitter)

ইংল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় গ্যারি ব্যালান্স জিম্বাবোয়ের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক করতে চলেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তাঁকে রাখা হয়েছে। দুই দল ১২ই জানুয়ারি থেকে হারারে স্পোর্টস ক্লাবে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

বাঁ-হাতি ব্যাটার ব্যালান্স ২০১৪ থেকে ২০১৭-র মধ্যে ২৩টি টেস্ট এবং ১৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। কাউন্টি ক্রিকেট দল ইয়র্কশায়ার থেকে মুক্তি পাওয়ার পর এখন তাঁর জন্ম গ্রহণের দেশ জিম্বাবোয়ের হয়ে খেলবেন। ইংল্যান্ডে যাওয়ার আগে ব্যালান্স অনূর্ধ্ব-১৯ পর্যায়ে জিম্বাবোয়ের প্রতিনিধিত্ব করেছিলেন। ডার্বিশায়ার ও ইয়র্কশায়ারের হয়ে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট খেলার পরে আবার জিম্বাবোয়ের প্রতিনিধিত্ব করতে ফিরে আসছেন ব্যালান্স।

সিরিজে উপস্থিত থাকবেন না সিকান্দার রাজা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ জিম্বাবোয়ের ১৫জনের স্কোয়াডে যে চারটি পরিবর্তন করা হয়েছে তার মধ্যে তিনি একজন। আইসিসি পুরুষদের বর্ষসেরা ক্রিকেটার, আইসিসি পুরুষদের বর্ষসেরা ওডিআই ক্রিকেটার, এবং আইসিসি পুরুষদের বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হিসেবে মনোনীত হওয়া তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা বোর্ডের কাছ থেকে অনুমতি পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার এবং সেই কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াডে তাঁকে রাখা হয়নি।

খারাপ ফর্মে থাকা মিল্টন শুম্বা ও উইকেটকিপার-ব্যাটার রেজিস চাকাবভার পাশাপাশি পেস বোলার ব্লেসিং মুজারাবানি কোয়াড্রিসেপ্স চোটের কারণে নির্বাচিত হননি। ব্যালান্স ছাড়া দলে আসা বাকী ক্রিকেটাররা হলেন তাদিওয়ানাশে মারুমনি, ইনোসেন্ট কাইয়া ও ভিক্টর নিয়াউচি। অভিজ্ঞদের মধ্যে তেন্ডাই চাতারা, শন উইলিয়ামস এবং অধিনায়ক ক্রেইগ আরভিন উপস্থিত থাকবেন।

১২, ১৪ ও ১৫ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। তিনটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়। টি-২০ সিরিজ শেষ হওয়ার পরে দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজিত হবে। ৫০ ওভারের সেই সিরিজ খেলা হবে হারারে স্পোর্টস ক্লাবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩শে জানুয়ারি।

আয়ারল্যান্ড সিরিজের জন্য জিম্বাবোয়ের টি-২০ স্কোয়াড: ক্রেগ আরভিন (অধিনায়ক), গ্যারি ব্যালান্স, রায়ান বার্ল, তেন্ডাই চাতারা, ব্র্যাডলি এভান্স, লিউক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাডজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড ঙ্গারাভা, ভিক্টর নিয়াউচি, শন উইলিয়ামস।

close whatsapp