‘ফর্ম টেম্পোরারি, ক্লাস পার্মানেন্ট’, সমালোচকদের জবাব পুজারার

Cheteshwar Pujara and Ajinkya Rahane
Cheteshwar Pujara and Ajinkya Rahane. (Photo Source: BCCI)

ফর্ম টেম্পোরারি, ক্লাস পার্মানেন্ট। দীর্ঘদিন পর ব্যাটে রান পেয়ে ক্রীড়াজগতের বহু পুরনো বক্তব্যই এবার চেতেশ্বর পুজারার মুখে। ব্যাটে তো অবশ্যই, মুখেও এবার সমালোচকদের দবাব দিলেন চেতেশ্বর পুজারা। তারা যে ফুরিয়ে যাননি, সেটাই সকলকে ফের একবার বুঝিয়ে দিলেন ভারতীয় টেস্ট দলের এই তারকা ব্যাটসম্যান। আর তাঁর বক্তব্য ঘিরেই এখন হৈচৈ ভারতীয় ক্রিকেট মহলে।

দীর্ঘদিন ধরে ব্যাটে কোনও রান ছিল না চেতেশ্বর পুজারা ও অজিঙ্ক রাহানের। অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড, এই দুই তারকার রানের খরা চলছিলই। আর সেইসঙ্গে বেড়েই চলেছিল তাদের বিরুদ্ধে হওয়ার সমালোচনা। প্রতিদিনই পুজারাদের নিয়ে কোনও কোনও প্রাক্তন মুখ খুলতে শুরু করেছিলেন। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে চুড়ান্ত ব্যর্থ হওয়ার পর তো সমালোচকদের দাঁত নখ আরও তীক্ষ্ণ আকার ধারণ করেছিল।

মুখ বুজে ছিলেন দুই তারকাই। অপেক্ষায় ছিলেন একটা ভাল পারফরম্যান্সের। অবশেষে সাফল্য এল। টানা একবছরের ব্যর্থতার জবাবটা দিলেন ওয়ান্ডারার্সে ভারতের দ্বিতীয় ইনিংসে। ক্রমশই বাড়তে থাকা চাপ সরিয়ে ব্যাট হাতে ভারতীয় দলের ত্রাতা হয়ে উঠলেন পুজারা ও রাহানে জুটি। দীর্ঘদিন পর টেস্টের মঞ্চে এর একটা শতরানের পার্টনারশিপ দেখা গেল তাদের ব্যাট থেকে। তাও আবার ভারতের একেবারে খারাপ সময়ে।

জবাবটা মাঠেই দিয়েছিলেন। ম্যাচ শেষে মুখেও দিলেন সেই একই জবাব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরুতেই পুজারার মুখে একটা বক্তব্য। তিনি বলেন,  ‘একটা বহু পুরনো কথা আছে যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস পার্মানেন্ট। এখানে আমরা সেটাই দেখাতে পেরেছি। ভারতীয় দলের হয়ে অতীতেও বহু ভাল পারফরম্যান্স আমরা দেখিয়েছি। তাই তো টিম ম্যানেজমেন্ট আমাদের ওপর ভরসা রেখেছে। অবশেষে নিজেদের কাজটা করে দেখাতে পেরেছি’।

ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে পুজারা ও রাহানে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরই তাদের ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাস্কার। তিনি তো সরাসরি বলেই দিয়েছিলেন যে টেস্ট কেরিয়ার বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে রান করতেই হবে এই দুই ক্রিকেটারকে। নইলে এটাই হয়ত তাদের শেষ ম্যাচ।

সেই জবাবটাও দিতে ভোলেননি চেতেশ্বর পুজারা। যদিও সুনীল গাভাস্কারকে আক্রমণ করে নয়। বরং প্রাক্তন তারকার একটু প্রশংসা করেই সেই জবাব দিয়েছেন তিনি। পুজারা জানান, ‘যখন খারাপ ফর্মের মধ্যে দিয়ে কেউ যায়, প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তবে সানি ভাইয়ের থেকে সবসময়ই সহায়তাই পেয়েছি। যখনই দেখা হয়েছে তিনি নানান পরামর্শই দিয়েছেন’।

রাহুল দ্রাবিড় পরবর্তী জামানায় চেতেশ্বর পুজারাকেই দ্য ওয়াল হিসাবে ভাবতে শুরু করেছিল সকলে। কিন্তু সম্প্রতি তার খারাপ পারফরম্যান্স সেই ভাবনাতেই প্রশ্ন তোলা শুরু করেছিল। এখন ভারতীয় দলের কোচ দ্রাবিড়। পুজারা, রাহানে ফের তাদের পুরনো জায়গায় ফিরে যেতে পারে কিনা সেটাই দেখার।

close whatsapp