গৌতম গম্ভীরের সাথে বিবাদের পর নিজের প্রতিক্রিয়া জানালেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. (Photo Source: RCB)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৩ তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ১৮ রানে লখনউ সুপার জায়ান্টাসকে (এলএসজি) পরাজিত করার পর বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে ঝামেলা হতে দেখা গিয়েছিল।

ম্যাচ শেষের পর হাত মেলানোর সময় গম্ভীর একটি হেঁচকা টান মেরে কোহলির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেন। এরপরে কাইল মেয়ার্স এবং বিরাট কোহলির মধ্যে কথোপকথন হচ্ছিল, কিন্তু গম্ভীর এসে মেয়ার্সকে ফিরিয়ে নিয়ে যান। এরপর বিরাট এবং গম্ভীর একে অপরের দিকে একপ্রকার তেড়ে আসেন, দুজনের মধ্যে কিছু কথোপকথন হয় কিন্তু তাতেও ঝামেলা মেটেনি। এই ঝামেলা মাঠের মধ্যে থেমে থাকেনি, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রহস্যময় স্টোরি শেয়ার করেছেন তিনি। তিনি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই স্টোরি দিয়েছেন সেটি বুঝতে আর কারোর বাকি নেই।

বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, যার মধ্যে লেখা রয়েছে, “আমরা যা শুনি তা হল একটি মতামত, সত্য নয়। আমরা যা দেখি তা হল একটি দৃষ্টিভঙ্গি, সত্য নয়।”

Virat Kohli's IG story
Virat Kohli’s IG story. (Photo Source: Instagram/virat.kohli)

“যদি তুমি এটি দিতে পার, তোমাকে এটি নিতেও হবে” – বিরাট কোহলি

আরসিবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে, সেখানেও নাম না করেই গম্ভীরকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন তিনি। সেই ভিডিওতে কোহলি বাদেও আরসিবির বাকি খেলোয়াড়রা এলএসজির বিরুদ্ধে জয় নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ভিডিওতে মহম্মদ সিরাজকে বিখ্যাত পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিউ সেলিব্রেশনটি করতে দেখা যায়।

এই ভিডিওতে বিরাট কোহলি বলেন, “এটি একটি মধুর জয় ছিল ছেলেরা। একটি মধুর জয়। যদি তুমি এটি দিতে পার, তোমাকে এটি নিতেও হবে। অন্যথায়, এটি দিও না।”

তিনি আরও বলেন, “এটি আমাদের জন্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ জয় ছিল। আমরা (এলএসজির) ঘরের দর্শকদের কাছ থেকে বেশি সমর্থন পেয়েছি যা একটি অবিশ্বাস্য অনুভূতি। এটি আপনাকে বলে দেয় যে একটি দল হিসাবে আমাদের কতটা পছন্দ করা হয় এবং কিভাবে লোকেরা আসে এবং আমাদের সমর্থন করে। এটি খুব মধুর একটি জয়। অনেক কারণেই খুব ভাল লাগছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই রানকে রক্ষা করার জন্য যে ধরণের চরিত্র আমরা দেখিয়েছি। আমি মনে করি প্রত্যেকের বিশ্বাস ছিল যে আমরা এটি করতে পারব এবং আমরা ছিলাম বিজয়ী পক্ষ, যা সত্যিই দুর্দান্ত।”

 

 

close whatsapp