ইডেন গার্ডেন্সে ঘরের মাঠের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত কেকেআর, ক্ষোভ প্রকাশ করলেন অধিনায়ক
এখনও অবধি ঘরের মাঠে ছয় ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে কেকেআর
আপডেট করা - May 15, 2023 2:08 pm

আইপিএল ২০২৩-এ চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর বিরুদ্ধে তাদের সাম্প্রতিক জয় পরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অধিনায়ক নীতীশ রানা স্বাভাবিকভাবেই দলের পারফর্ম্যান্সে সন্তুষ্ট। এই জয়ের ফলে কেকেআর এখনও প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। ১৩ ম্যাচ খেলে ৬টি ম্যাচ জিতে কেকেআর বর্তমানে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে।
দলের সামগ্রিক পারফর্ম্যান্সে নীতীশ খুশি হলেও, কেকেআরের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন নীতীশ। ২০১২-র পরে এই সোমবার, ১৪ই মে, প্রথমবার চেন্নাইয়ের চেপকে সিএসকেকে হারিয়েছিল কেকেআর এবং সেই জয় এসেছিল মূলত কেকেআরের স্পিনারদের সৌজন্যে।
কেকেআরের বোলিংয়ের প্রধান শক্তি স্পিন হলেও, ইডেনে পাটা পিচ হওয়ায় প্রায় সময়ই কেকেআর প্রতিপক্ষের ব্যাটারদের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হোম ম্যাচে কেকেআর ২৩৫ রান দিয়েছিল। এমনকী সানরাইজার্স হায়দ্রাবাদ ইডেন গার্ডেন্সে কেকেআরের মোকাবিলা করে ২২৮ রান তুলেছিল।
‘‘আমার মনে হয় কেকেআর ছাড়া বাকি সব দল ঘরের মাঠের সুবিধা পায়। ওখানে আমরা ব্যাটিং উইকেটে খেললে ২০০-র বেশী রান বেরিয়ে যায়। আবার মন্থর পিচে খেলা হলে রান কম হয়। ফলে ব্যাটারদের বার বার পিচের সঙ্গে মানিয়ে নিতে হয়। এটা বাকি দলগুলোকে করতে হয় না,” নীতীশ রানা ম্যাচ পরবর্তী উপস্থাপনায় বলেছেন।
“আমার ভয় ছিল যে পিচ ভেঙে যেতে পারে” – চেপকের পিচের চরিত্র প্রসঙ্গে নীতীশ রানা
নীতীশ রানা আরও জানিয়েছেন যে তিনটি বিভাগই – ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং – কেকেআরের হয়ে ভালো পারফর্ম করেছে বলেই সিএসকের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে পেরেছেন তাঁরা। কেকেআরের ব্যাটিং ইনিংসের আগে কোন রোলার ব্যবহৃত, তা নিয়ে নীতীশের মনে দ্বিধা থাকলেও, প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের নির্দেশে ভারী রোলার নেওয়া হয়েছিল এবং সেটি কেকেআরের জন্য লাভজনক হয়েছিল কারণ সিএসকের স্পিনাররা বেশী সহায়তা পাননি।
“টসে বলেছিলাম যে যদি তিনটি বিভাগই ভালো খেলে তবে আমাদের জয়ের সম্ভাবনা ভালো। এর জন্য চাঁদু স্যারকে (প্রশিক্ষক চন্দ্রকান্ত পণ্ডিত) কৃতিত্ব দিতে হবে। আমি ভারী রোলার নেওয়ার পক্ষে ছিলাম না কিন্তু তিনি সেটি নিতে বলেছিলেন। আমার ভয় ছিল যে পিচ ভেঙে যেতে পারে। কিন্তু তা ঘটেনি এবং বল বেশি টার্ন করেনি,” রানা আরও যোগ করেছেন।