রশিদ খানের ঝুলিতে এবার শুধু লেগ স্পিন নয় আরও অনেক চমক রয়েছে, বিশেষ ইঙ্গিত আফগান তারকার

Hardik Pandya and Rashid Khan
Hardik Pandya and Rashid Khan. (Photo Source: Twitter/Gujarat Titans)

এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলেছেন রশিদ খান। প্রথম ম্যাচে সেভাবে অবশ্য দেখা যায়নি তাঁকে। কিন্তু আইপিএলে এখনও পর্যন্ত বহু ম্যাচ বাকি রয়েছে। সেখানেই রশিদ খানকে যে অন্য ছন্দে দেখা যাবে, তা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগেই ইঙ্গিত দিলেন আফগানিস্তানের সেরা তারকা। শুধুমাত্র লেগ স্পিনার হিসাবে তাঁকে ভাবলে, এবারের আইপিএলে সকলেই বড় ভুল করবেন বলে জানিয়ে দিলেন তারকা ক্রিকেটার রশিদ খান।

বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সেরা স্পিনারদের মধ্যে অন্যতম হলেন রশিদ খান। আইপিএলের মঞ্চে প্রথম দিন থেকেই সাফল্যের সঙ্গে পথ চলা শুরু করেছেন তিনি। শুধু তাই নয় সানরাইজার্স হায়দরাবাদকেও বহু ম্যাচ জেতানোর নায়ক এই রশিদ খান। যদিও এবার অবশ্য দল বদলেছেন রশিদ খান। সানরাইজার্স হায়দরাবাদে নয়, এবার রশিদের গন্তব্য হয়েছে গুজরাত টাইটান্স। মেগা নিলামের আগেই রশিদ খানকে ১৫ কোটি টাকা দিয়ে এবার তুলে নিয়েছে গুজরাত টাইটান্স।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে রশিদ খান জানিয়েছিলেন, “আমি নিজেকে কখনোই শুধুমাত্র একজন লেগ স্পিনার হিসাবে দেখি না। তার কারণ স্পিনাররা সবচেয়ে বেশী কব্জীর প্রয়োগ করে থাকেন। আমি কখনোই তা করি না। আমি বোলিংয়ের ক্ষেত্রে আঙুলের ব্যবহার সবচেয়ে বেশী করে থাকি। তাই আমি নিজেকে ফিঙ্গার স্পিনার বলতে বেশী পছন্দ করব”।

নিজেকে শুধুমাত্র লেগ স্পিনার হিসাবে ভাবতে নারাজ আফগান তারকা রশিদ খান

এছাড়াও রশিগ খান আরও জানিয়েছেন, “আমি একজন স্পিন ফাস্ট বোলার। স্পিনের সঙ্গে পেসকেও কাজে লাগানো খুব একটা কঠিন কাজ। আর আমি মনে করি সেটা করার জন্য যথেষ্ট দক্ষতাও প্রয়োজন। আমি যখন বল করি সেই সময় আমার বলের গতি থাকে অন্তত ৯৬ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টা। সেই পেসে স্পিন করানোটা যথেষ্ট কঠিন কাজ। ৭০ থেকে ৭৫কিমি বেগে বল করার থেকে আমি সেই গতিতেই বল করতে ভালবাসি।  আমি সবসময়ই দ্রুতগতিকে লেগ স্পিন করতে ভালবাসি”।

আইপিএলের শুরুতে যখন রশিদ খান এসেছিলেন তখন তাঁকে সকলেই রহস্য বোলার বলে মনে করেছিলেন। রশিদ নিজেও সেই কথা মেনে নিয়েছিলেন। তাঁর মতে ঠিকঠাক লাইন এবং লেন্থে বোলিং করতে পারলে, সকলেই রহস্য স্পিনার হয়ে উঠতে পারবেন। আইপিএলের মঞ্চে রশিদ খানের সাফল্যের গ্রাফ সবসময়ই উর্দ্বমুখী। এবারের আইপিএলেও প্রথম ম্যাচে ২৭ রান দিয়ে এক উইকেট নিয়েছেন রশিদ খান। সামনে আইপিএলের এখনও বেশকিছু ম্যাচ বাকি রয়েছে।

সামনেই রয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ। শনিবারই সেই ম্যাচে নামছে তারা। সেখানেই রশিদ খানের হাত থেকে কী জাদু ফের দেখা যাবে তারই অপেক্ষায় এখন সকলে।

close whatsapp