ভারতের পারফরম্যান্স নিয়ে নিজের বক্তব্য জানালেন কোচ রাহুল দ্রাবিড়

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর প্রথম ২টি টেস্ট জিতলেও তৃতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই পরাজিত হতে হয় ভারতীয় দলকে। এই সিরিজে ভারত এগিয়ে থাকলেও কোচ রাহুল দ্রাবিড় মনে করেন যে রোহিত বাহিনীকে ব্যাটিং এবং বোলিং উভয়েই আরো উন্নতি করতে হবে। চতুর্থ টেস্টে ভারতীয় দল জেতার জন্য আপ্রাণ চেষ্টা করবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষ টেস্টে জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লুউটিসি) ফাইনালে চলে যাবে ভারত।

অন্তিম টেস্টের আগে এখনও অবধি ভারতের করা পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন কোচ রাহুল দ্রাবিড়। তিনি মনে করেন, তৃতীয় টেস্টের প্ৰথম ইনিংসে মাত্র ১০৯ রানে অলআউট হওয়াটা খুবই হতাশাজনক ছিল এবং বোলাররাও কিছু রান অতিরিক্ত দিয়ে ফেলেছেন। তাই চতুর্থ টেস্টে বোলিং এবং ব্যাটিংয়ের ভুলগুলিকে শুধরে নিয়েই নামতে চাইছে ভারতীয় দল।

কোচ রাহুল দ্রাবিড় নিউজ১৮-কে জানান, “আমাদের ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই উন্নতি করতে হবে। ইন্দোর টেস্টে যদি দেখেন, প্রথম ইনিংসে ১০৯ রান যথেষ্ট ভালো ছিল না। আমরা যদি ৬০-৭০ রান বেশি করতাম তাহলে সেটা ভালো হতে পারত। আমরা তাদের প্রথম ইনিংসে সেই পরিস্থিতির মধ্যে বেশ কিছু অতিরিক্ত রান করতে দিয়েছিলাম। তাই আমাদের খেলার উভয় বিভাগেই আরও ভালো করতে হবে,”

বর্তমান মানদণ্ডের ব্যাপারে বাস্তববাদী থাকার কথা জানালেন রাহুল দ্রাবিড়

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বর্তমানে ভারতের কোচ রাহুল দ্রাবিড় মনে করেন গত তিন-চার বছরে সারা বিশ্বে পিচগুলি আরো চ্যালেঞ্জিং হয়ে গেছে। কঠিন পরিস্থিতিতে ভারতের পারফরম্যান্স বিশ্লেষণ করার ক্ষেত্রে তিনি বলেন যে এইরকম পরীক্ষামূলক পরিস্থিতিতে মানদণ্ড কি হওয়া উচিত সেই ব্যাপারে বাস্তববাদী থাকতে হবে। কোনো ব্যাটসম্যানের একটি ভালো ইনিংস ম্যাচের রং পরিবর্তন করতে পারে।

তিনি বলেন, “আমরা যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেটে খেলছি সেখানে একটি ভাল পারফরম্যান্স কী তা নিয়ে বাস্তববাদী হওয়াটা খুব জরুরি। শুধু এটিই নয়, আমি গত অনেক ম্যাচের কথাই ভাবছি। আমি বলতে চাইছি আমি মনে করি আপনি যদি গত তিন বা চার বছরে সারা বিশ্বে পিচগুলির দিকে তাকান, সেগুলি অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। তাই আপনাকে এখন মানদণ্ডগুলি কি সেই সম্পর্কে বাস্তববাদী হতে হবে, এমনকি এই ধরণের ম্যাচগুলির ক্ষেত্রেও সেটা বুঝতে হবে।

একটি ভালো পারফরম্যান্স খেলাকে বদলে দিতে পারে এবং আমরা সেটা দেখেছি রোহিত শর্মার ইনিংসে। আমরা এর আগেও অনেকবারই দেখেছি। তাই হ্যাঁ, আমি মনে করি আমাদের ব্যাটসম্যানদের এবং তাদের গড় এবং তাদের পরিসংখ্যানের মূল্যায়ন বাস্তবসম্মতভাবে হচ্ছে এবং আমরা এটির দিকে খুব বেশি নজর দিই না,”

close whatsapp