ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকের মধ্যে একজনকে বেছে নেওয়াটাই চ্যালেঞ্জের, মত চেতেশ্বর পূজারার
আপডেট করা - Aug 28, 2022 3:24 pm

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। সেই ম্যাচে নামার আগে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। সবচেয়ে বেশী জল্পনা ভারতীয় দলের প্রথম একাদশ কী হতে চলেছে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এলেও দলের প্রথম একাদশ নিয়ে কোনওরকম ইঙ্গিত দেননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম একাদশ জানতে হলে ম্যাচ শুরু পর্যন্তই অপেক্ষা করতে হবে। এমন পরিস্থিতিতেই দল নির্বাচনে ভারতীয় দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হতে পারে তা নিয়ে নিজের মত জানালেন চেতেশ্বর পূজারা।
এশিয়া কাপের জন্য ভারতীয় দলের স্কোয়াডে ঋষভ পন্থের সঙ্গে উইকেটকিপার ব্যাটার হিসাবে রয়েছেন দীনেশ কার্তিকও। প্রথম একাদশে এই দুজনের মধ্যে কাকে খেলানো হবে , সেটাই নাকি ভারতীয় দলের সামনে সবচেয়ে বড় চ্যালঞ্জ হতে চলেছে। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক দুজনই। তাই এই দুজন ক্রিকেটারের মধ্যে কাকে খেলানো হবে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।
এশিয়া কাপের স্কোয়াডে দীনেশ কার্তিক ও ঋষভ পন্থ দুজনই রয়েছেন
ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে তাঁর হাত ধরেই সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ভাল পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন দীনেশ কার্তিকও। আইপিএল থেকে দেশের জার্সি, নিজেকে ফিনিশার হিসাবে প্রতিষ্ঠা করেছেন তিনি।
এই প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে চেতেশ্বর পূজারা জানিয়েছেন, “দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থের মধ্যে একজনকে বেছে নেওয়াই টিম ম্যানেজমেন্টের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ তারা দুজনই টি টোয়েন্টিতে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। তবে দলের কখন কাকে প্রয়োজন সেটাই হল প্রধান। যদি টিম ম্যানেজমেন্ট পাঁচ নম্বর পজিশনে কাওকে খেলাতে চান সেক্ষেত্রে ঋষভ পন্থ অনেকটাই এগিয়ে রয়েছেন। আবার যদি ব্যাটিং লাইনআপে একজন দক্ষ ফিনিশারকে চাওয়া হয়, যিনি শেষের দিকে ১০ থেকে ২০ বলে অন্তত ৪০ থেকে ৫০ কান করে দেবেন, সেই জায়গায় যোগ্য দীনেশ কার্তিক”।
আইপিএলের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজেই ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন দীনেশ কার্তিক। সেখানেই ভারতকে সমতায় ফেরানো ম্যাচে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছিল দীনেশ কার্তিককে। আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও প্রথম টি টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন দীনেশ কার্তিক।
তাঁর ১৯ বলে ৪০ রানের ইনিংসের সৌজন্যে ভারতীয় দল সেই ম্যাচে ১৯০ রানে পৌঁছে গিয়েছিল। এবার সেই ভারত এসিয়া কাপের মঞ্চে নামছে পাকিস্তানের বিরুদ্ধে। সেখানেই শেষপর্যন্তকী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।