“কখনই ভাবিনি যে আমি…” – ১০০তম টেস্ট ম্যাচে বিশেষ ক্যাপ পেয়ে প্রতিক্রিয়া জানালেন চেতেশ্বর পূজারা
ভারতের ১৩তম খেলোয়াড় হিসেবে ১০০ বা তার বেশী টেস্ট খেলছেন চেতেশ্বর পূজারা
আপডেট করা - Feb 17, 2023 10:55 am
ভারতের টেস্ট বিশেষজ্ঞ চেতেশ্বর পূজারা তাঁর গৌরবময় মুকুটে আরও একটি পালক যোগ করেছেন এবং ভারতের হয়ে একশো বা তার বেশী টেস্ট খেলা ১৩তম খেলোয়াড় হয়েছেন। সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার, বীরেন্দর সেহওয়াগ, বিরাট কোহলিদের মতো ব্যাটারদের একটি অভিজাত তালিকায় যোগদান করা পূজারা ম্যাচের আগে একটি বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন।
১৭ই ফেব্রুয়ারি, শুক্রবার, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আয়োজিত একটি অনুষ্ঠানে বিসিসিআইয়ের পক্ষ থেকে চেতেশ্বর পূজারাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। ব্যাটারের বাবা, স্ত্রী ও মেয়ের উপস্থিতিতে ব্যাটিং কিংবদন্তী ও ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার পূজারাকে বিশেষ ক্যাপ উপহার দেন।
মাইলস্টোন টেস্টে পৌঁছে অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা তাঁর ক্রিকেটীয় যাত্রায় তাঁকে সমর্থন করার জন্য তাঁর পরিবার, ফ্যান ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ৯৯ ম্যাচে পূজারা ৪৪.১৫ গড়ে ৭০২১ রান করেছেন। ১৯টি সেঞ্চুরি ও ৩৪টি অর্ধশতক রয়েছে তাঁর।
“আপনার কাছ থেকে এই ক্যাপটি পাওয়া সম্মানের বিষয়, আপনার মতো কিংবদন্তীরা আমাকে অনুপ্রাণিত করেছেন (সুনীল গাভাস্কারের কাছ থেকে ক্যাপ পেয়ে)। অল্প বয়স থেকেই আমি ভারতের হয়ে খেলতে চেয়েছিলাম কিন্তু আমি কখনই ভাবিনি যে আমি ১০০টি টেস্ট ম্যাচ খেলতে পারব। টেস্ট ক্রিকেট আমার কাছে চূড়ান্ত ফর্ম্যাট, এটি জীবনের মতোই আপনাকে চ্যালেঞ্জ করে। সমস্ত তরুণদের উদ্দেশ্যে, আমি আপনাদের সবাইকে ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলার জন্য কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করব,” গাভাস্কারের কাছ থেকে ১০০তম টেস্ট ক্যাপ পাওয়ার পরে পুজারা বলেছেন।
তিনি যোগ করেছেন, “আমি আমার স্ত্রী, আমার পরিবার, বিসিসিআই-এর প্রত্যেককে এবং আমার সমস্ত সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই যারা এই যাত্রায় আমাকে সমর্থন করেছেন,” তিনি যোগ করেছেন।
𝗔 𝗺𝗼𝗺𝗲𝗻𝘁 𝘁𝗼 𝗰𝗵𝗲𝗿𝗶𝘀𝗵! 💯
Golden words from the legendary Sunil Gavaskar as he felicitates @cheteshwar1 on his landmark 100th Test 👏🏻👏🏻#TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/AqVs6JLO2n
— BCCI (@BCCI) February 17, 2023
ভারতের জন্য তুমি তোমার শরীরকে সামনে রেখেছ: সুনীল গাভাস্কার
ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা সুনীল গাভাস্কার ভারতীয় ব্যাটারকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “তুমি যখন ব্যাট করতে যাও, তখন মনে হয় তুমি ভারতের পতাকা নিয়ে যাচ্ছ। ভারতের জন্য তুমি তোমার শরীরকে সামনে রেখেছ। তুমি ধাক্কা খেয়েছ, তুমি উঠেছ, এবং তুমি বোলারদের বাধ্য করেছ তোমার উইকেট অর্জন করে নিতে। তোমার করা প্রতিটি রান ভারতের জন্য একটি বড় প্লাস। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং স্বপ্ন কী করে দেখাতে পারে তা দেখিয়ে তুমি একজন রোল মডেল হয়ে উঠেছ। ১০০তম টেস্ট ক্লাবে স্বাগত।”
এর আগে ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। চোটে জর্জরিত সফরকারী দল দিল্লি টেস্টে তিন স্পিনার খেলাচ্ছে। ম্যাথিউ কুহ্নেমানের অভিষেক হচ্ছে এবং ট্র্যাভিস হেডকে একাদশে ফেরানো হয়েছে ম্যাট রেনশয়ের জায়গায়। অন্যদিকে ভারত শুধু একটি পরিবর্তন করেছে। ম্যাচ ফিট হওয়া শ্রেয়াস আইয়ার একাদশে ফিরে এসেছেন এবং সূর্যকুমার যাদবকে বাদ দেওয়া হয়েছে।