“বিলিয়ন ডলারের দল পিছিয়ে পড়েছে আর আমরা এগিয়ে গিয়েছি” – রামিজ রাজার বক্তব্যে প্রচ্ছন্ন ভারত-বিরোধিতা
পাকিস্তান দল সম্পর্কে রামিজের মন্তব্য, "আমরা কিছু অন্তত ঠিক করছি"
আপডেট করা - Nov 11, 2022 2:14 pm

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর প্রথম সেমি-ফাইনালে ফেভারিট নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। পাকিস্তানের সুপার ১২ গ্রুপ ২ অভিযান শুরু করেছিল ভারত ও জিম্বাবোয়ের বিপক্ষে সংকীর্ণ দুটি হার দিয়ে। যদিও পরের তিনটি ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিল মেন ইন গ্রিন।
সেমি-ফাইনালের লড়াইয়ে প্রথমে বোলিং করার সময় বোলাররা নিউ জিল্যান্ডকে ১৫২/৪ স্কোরে সীমাবদ্ধ রাখার ক্ষেত্রে দুর্দান্ত কাজ করেছিল এবং তারপরে বাবর আজম ও মহম্মদ রিজওয়ান অর্ধশতক করে পাকিস্তানকে সাত উইকেটে সহজ জয়ের পথ দেখান। বাবর এবং রিজওয়ান পুরো টুর্নামেন্ট জুড়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তাঁরা পারফর্ম করেছেন। তারকা পেসার শাহীন আফ্রিদিও মাঝারি মানে শুরু করে শেষ তিন ম্যাচে নয় উইকেট নিয়েছেন।
নিউ জিল্যান্ড ছাড়াও বাকী দুই ফেভারিট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এমনকি সেমি-ফাইনালেও পৌঁছতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, ভারত বৃহস্পতিবার (১০ই নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমি-ফাইনালে হেরেছে। অনেক ক্রিকেট ভক্ত ভারত-পাকিস্তান সম্ভাব্য ফাইনালের জন্য আশা করছিল কিন্তু শেষ অবধি ফাইনাল হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে।
পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট দলের সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও খারাপ হয়েছে যখন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সম্প্রতি ২০২৩ সালের এশিয়া কাপের জন্য পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত নিয়েছিল। তার উত্তরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৪ সালের ওয়ানডে বিশ্বকাপ বয়কট করার হুমকি দিয়েছে।
এখন পাকিস্তানি সমর্থকরা টুর্নামেন্টে তাদের দলের স্বপ্নের ফর্ম উপভোগ করছে। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান রমিজ রাজা টুর্নামেন্টে দলের পারফর্ম্যান্সের প্রশংসা করেছেন। তবে তিনি টুর্নামেন্টের ফেবারিটদের নিয়েও খোঁচা দিয়েছেন।
ফাইনালে কোনও স্পষ্ট ফেভারিট নেই: রামিজ রাজা
“বিলিয়ন ডলার কি ইন্ডাস্ট্রি ওয়ালি দল পিছে রেহ গয়ি হ্যায় অউর হাম উপার নিকাল গ্যায় হ্যায় (বিলিয়ন ডলারের দলগুলি পিছিয়ে পড়েছে আর আমরা এগিয়ে গিয়েছি)। আমরা কিছু অন্তত ঠিক করছি,” এমসিজিতে তাঁর আগমনের পরে সাংবাদিকদের বলেছেন রামিজ রাজা।
রবিবার (১৩ই নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমিসিজি) ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। টুর্নামেন্টের আগে ইংল্যান্ড সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছিল এবং রবিবার ফাইনালে জয়ের জন্য তারাই ফেভারিট। তবে রামিজ ভবিষ্যদ্বাণী করেছেন যে উভয় দলেরই ফাইনালে সমান সুযোগ থাকবে, “ফাইনালে, কোনও স্পষ্ট ফেভারিট নেই, এটি ৫০-৫০ ম্যাচ।”