বিরাট-সংক্রান্ত জটিলতায় তাড়াহুড়ো করবে না বোর্ড
সামনেই দক্ষিণ আফ্রিকা সফর, তাই ধীরে চলো নীতি নিয়ে চলছে বিসিসিআই
আপডেট করা - Dec 17, 2021 11:16 am

টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি সৌরভ গাঙ্গুলীর পরস্পরবিরোধী মন্তব্য ঘিরে বিগত কয়েকদিন ভারতীয় ক্রিকেটে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা ক্রমশ তীব্র হয়ে উঠছে। গাঙ্গুলী বলেছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে বিরাট কোহলিকে অনুরোধ করেছিলেন টি-২০ অধিনায়কত্ব না ছাড়তে। যা কোহলির বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। ভারতীয় ক্রিকেটের দুই শক্তিশালী ব্যক্তিত্বের মধ্যে এই সংঘাতের কারণে বোর্ড তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিতে চায়ছে না।
যদিও, দিল্লিতে জন্মগ্রহণকারী বিরাট স্পষ্টভাবে বলেছিলেন যে তাকে কখনই “টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়তে” বলা হয়নি। প্রতিবেদন অনুসারে, ১৫ই ডিসেম্বর বুধবার যা ঘটেছে বিরাটের দিক থেকে তা নিয়ে বিসিসিআই সন্তুষ্ট নয়। তবে, বোর্ড এই ব্যাপারে সচেতন যে ২৬শে ডিসেম্বর থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে কোনও কঠোর প্রতিক্রিয়া ভারতীয় দলের মনোবলকে আহত করতে পারে।
১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার কোহলি দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন। ইতিমধ্যে গাঙ্গুলীকে কোহলির মন্তব্য নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন তাঁর নিজস্ব কোন বক্তব্য নেই, সঠিক সময়ে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
“কোন বিবৃতি নেই, সংবাদ সম্মেলন নেই। আমরা এটা নিয়ে ব্যবস্থা নেব, এটি (বিসিসিআই) এর উপর ছেড়ে দিন,” গাঙ্গুলী তাঁর নিজের শহরের মিডিয়াকে বলেছেন। এরই মধ্যে ওয়ানডে ফরম্যাটেও অধিনায়কত্ব হারিয়েছেন কোহলি।
“তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত বা বিবৃতি দলের মনোবলকে প্রভাবিত করতে পারে” – বিসিসিআইয়ের এক কর্মকর্তা
সূত্র অনুসারে, গাঙ্গুলী এবং সাম্মানিক সচিব জয় শাহ সহ বিসিসিআইয়ের কর্মকর্তারা বুধবার একটি জুম কলে অংশ নিয়েছিলেন যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বোর্ড কোনও মিডিয়া আলাপচারিতায় জড়িত হবে না।
“সংবেদনশীল বিষয়টি কীভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়েছিল কারণ এতে সভাপতির অফিসের সম্মান জড়িত। বিসিসিআই জানে যে একটি টেস্ট সিরিজ সম্প্রতি আসতে চলেছে এবং তাদের কাছ থেকে যে কোনও তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত বা বিবৃতি দলের মনোবলকে প্রভাবিত করতে পারে,” বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন।
২৬শে ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে উদ্বোধনী টেস্ট দিয়ে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হতে চলেছে। সিরিজের বাকি দুটি ম্যাচ আয়োজন করবে জোহানেসবার্গ ও কেপটাউন। বিসিসিআই ইতিমধ্যেই এই সফরের জন্য কোহলির নেতৃত্বে ১৮-সদস্যের একটি শক্তিশালী দল ঘোষণা করেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি।