চোটপ্রাপ্ত খেলোয়াড়দের ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট দিল বিসিসিআই, নেটে কিপিং এবং ব্যাটিং করা শুরু করলেন ঋষভ পন্থ
আপডেট করা - Jul 21, 2023 9:56 pm

২১শে জুলাই, শুক্রবার, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) রিকভারি প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচজন চোটপ্রাপ্ত খেলোয়াড়ের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। এই পাঁচজন খেলোয়াড় হলেন জাসপ্রিত বুমরাহ, ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার এবং প্রসিধ কৃষ্ণ। বুমরাহ এবং প্রসিধ রিকভারি প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন এবং তারা নেটে জোরকদমে বোলিং অনুশীলন করছেন।
বিসিসিআইয়ের মেডিকেল দল তাদের অগ্রগতি দেখে সন্তুষ্ট হয়েছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) দ্বারা আয়োজিত অনুশীলন ম্যাচে জাসপ্রিত বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণ অংশগ্রহণ করবেন। এরপরেই তাদের ফিটনেসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআইয়ের মেডিকেল দল।
২০২২ সালের ডিসেম্বর মাসে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে খেলতে পারেননি। তবে তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তিনি নেটে কিপিং এবং ব্যাটিং করা শুরু করে দিয়েছেন।
“বিসিসিআইয়ের মেডিকেল টিম তাদের অগ্রগতিতে সন্তুষ্ট এবং তারা অনুশীলন গেমগুলির পরে তাদের মূল্যায়ন করার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে” – বিসিসিআই
জাসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণ এবং ঋষভ পন্থের পাশাপাশি শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুলও অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আইয়ার এবং রাহুল দুজনেই নেটে ব্যাটিং করা শুরু করে দিয়েছেন। এই পাঁচজন খেলোয়াড় আবার কবে মাঠে ফিরবেন সেটাই এখন দেখার বিষয়।
জাসপ্রিত বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণ-এর ব্যাপারে বিসিসিআই জানিয়েছে, “দুই ফাস্ট বোলার তাদের রিহ্যাবের শেষ পর্যায়ে রয়েছেন এবং নেটে পুরো তীব্রতার সাথে বোলিং করছেন। এই জুটি এখন কিছু অনুশীলন ম্যাচ খেলবে, যা এনসিএ আয়োজন করবে। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাদের অগ্রগতিতে সন্তুষ্ট এবং তারা অনুশীলন গেমগুলির পরে তাদের মূল্যায়ন করার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
বিসিসিআই যোগ করেছে, “তিনি (ঋষভ পন্থ) তার রিহ্যাবিলিটেশনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন এবং নেটে কিপিংয়ের পাশাপাশি ব্যাটিংও শুরু করেছেন। তিনি বর্তমানে তার জন্য ডিজাইন করা একটি ফিটনেস প্রোগ্রাম অনুসরণ করছেন যার মধ্যে শক্তি, নমনীয়তা এবং দৌড় অন্তর্ভুক্ত রয়েছে।”
শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুলের ব্যাপারে বিসিসিআই জানিয়েছে, “তারা নেটে আবার ব্যাটিং শুরু করেছেন এবং বর্তমানে শক্তি এবং ফিটনেস ফিরে পাওয়ার জন্য অনুশীলন করছেন। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাদের অগ্রগতিতে সন্তুষ্ট এবং আগামী দিনে তারা দক্ষতা এবং শক্তি এবং কন্ডিশনিং উভয় ক্ষেত্রেই তাদের তীব্রতা বৃদ্ধি করবে।”