সাংবাদিকের প্রশ্নের প্রতিক্রিয়ায় বাবরের জবাব “বাচ্চাদের ঘুমপাড়ানি গান শোনাতে আসিনি”

মেলবোর্নে গত কয়েক দিন বৃষ্টি হওয়ায় ম্যাচ হওয়া নিয়ে সংশয়

Babar Azam
Babar Azam. (Photo by Alex Davidson/Getty Images)

২৩শে অক্টোবর, রবিবার, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান তাদের টি-২০ বিশ্বকাপ ২০২২-এর অভিযান শুরু করবে ভারতের বিরুদ্ধে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক বাবর আজমের একটি জবাব আলোচনায় উঠে এসেছে।

মেলবোর্নে গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং এর জন্য বেশ কিছু প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ভারত বনাম পাকিস্তান ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বহুপ্রতীক্ষিত ম্যাচ আয়োজিত হওয়া নিয়ে সংশয় রয়েছে। দুই দলের প্রস্তুতি নিয়ে আলোচনার পাশাপাশি বৃষ্টিও আলোচনায় উঠে আসছে প্রায়ই। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাবরকে বৃষ্টি সংক্রান্ত একটি প্রশ্ন করেছিলে, যার উত্তরে বাবর একটি মজার উত্তর দিয়েছেন।

সেই সাংবাদিক বাবরকে জিজ্ঞাসা করেছিলেন যে তাঁর সতীর্থরা কি “রেন, রেন গো অ্যাওয়ে” গাইছে?” প্রত্যুত্তরে বাবর বলেন, “নাহি স্যর, হাম বাচ্চো কো লোরি নাহি সুনা রাহে হ্যায়” (না স্যর, আমরা বাচ্চাদের ঘুমপাড়ানি গান শোনাচ্ছি না)। 

বাবর আরও বলেন, “দেখুন, আবহাওয়া আমাদের হাতে নেই। কিন্তু একজন খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে আমি চাই ম্যাচটি হোক। পরিস্থিতি যাই হোক না কেন, আমরা প্রস্তুত এবং আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।”

বৃষ্টির প্রসঙ্গে, মেঘের আচ্ছাদন এখনও মেলবোর্নের আকাশ জুড়ে রয়েছে, তবে ৩০ কিমি/ঘন্টা বেগে ঝোড়ো হাওয়ার কারণে মেঘলাভাব ক্রমশ কেটে যাচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ম্যাচের আগে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন প্রায় নেই।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের প্রাথমিক ওভারগুলিতে বিশেষ প্রভাব না থাকলেও দ্বিতীয় ইনিংসে আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের দিন আবহাওয়া ঠিক থাকে কিনা এবং দুই এশিয়ান দলের মধ্যে সম্পূর্ণ ম্যাচ হয় কিনা সেই দিকে নজর থাকবে।

বৃষ্টি খেলায় প্রভাব না ফেললে উভয় দলই দৃঢ়ভাবে অভিযান শুরু করার দিকে তাকিয়ে থাকবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত গত সংস্করণে পাকিস্তানের বিরুদ্ধে হারের বদলা নিতে চাইবে।

close whatsapp