“২২-২৩ বছরে ২-৩ কোটি পেলে সব পুড়িয়ে ফেলতাম” – আইপিএল নিলাম থেকে পাওয়া অর্থ প্রসঙ্গে হর্ষল প্যাটেল

আসন্ন আইপিএল নিলামে হর্ষল অনেক দলের চাহিদার তালিকায় থাকবেন

Harshal Patel
Harshal Patel. (Photo Source: IPL/BCCI)

আইপিএল এমন একটি মঞ্চ যেখানে প্রতিভাধরদের সামনে সুযোগ থাকে নিজেদেরকে ক্রিকেটবিশ্বের সামনে পরিচিত করানোর। পরিচিতির সঙ্গে সঙ্গে আসে অর্থও। আইপিএল নিলামে রাতারাতি একজন অখ্যাতনামা ক্রিকেটার কোটিপতি হয়ে যান। প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) অলরাউন্ডার হর্ষল প্যাটেল হঠাৎ করে প্রচুর উপার্জন করার সুযোগ তরুণ ক্রিকেটারদের কেরিয়ারে কী পরিবর্তন আনতে পারে এবং কী সমস্যার সম্মুখিণ হতে পারেন তাঁরা, সেই বিষয়ে কথা বলেছেন।

প্যাটেল মন্তব্য করেছেন যে তিনি যদি সদ্য কুড়ি বছর পেরিয়ে নিলামে ২-৩ কোটি টাকা পেতেন তবে সমস্ত টাকাই তিনি হয়তো অপব্যবহার করে নষ্ট করে ফেলতেন। গুজরাতে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার “আরসিবি পডকাস্ট”-এ কথা বলছেন, যার একটি ট্রেলার বুধবার প্রকাশিত হয়েছে। হর্ষল প্যাটেল ২০১০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বারা ড্রাফট থেকে নির্বাচিত হয়েছিলেন ৮ লাখ টাকায়। 

বিশাল পরিমাণ অর্থ নিয়ে খারাপ পথে চলে যেতে পারতাম, বলেছেন হর্ষল 

তারপরে তাঁকে ২০১২ সালে নিলামের বাইরে থেকে আরসিবি দলে নেয়৷ ফ্র্যাঞ্চাইজির সাথে ছয় বছর কাটানোর পর, মাঝখানে তিনি তিন বছরের জন্য দিল্লী ক্যাপিটালসে যান। তারপর আবার ২০২১ সালে আরসিবিতে ফেরত আসেন। ২০১৮ সালের নিলামে দিল্লি ক্যাপিটালস তাঁকে ২০ লাখ টাকায় চুক্তিবদ্ধ করেছিল৷

পডকাস্টে তিনি বলেছেন, “২২-২৩ বছর বয়সে যদি আমি ২ কোটি বা ৩ কোটি পেতাম, আমি সম্ভবত সব পুড়িয়ে ফেলতাম। এটা ঠিকই যে, আমি একজন গুজরাতি তাই আমার পরিবার আমাকে তা করতে দিত না (হাসি) কিন্তু একজন ব্যক্তি হিসাবে, আমি এই পরিমাণ অর্থ নিয়ে খারাপ পথে চলে যেতে পারতাম। আশা করি, পরের বছর পরিস্থিতির পরিবর্তন হবে এবং আমাকে ভাল অর্থ প্রদান করা হবে এবং যখন আমার কাছে সেই অর্থ থাকবে, তখন আমি জানব এটি দিয়ে কী করতে হবে এবং আমি এখন ওই টাকাটা আগুনে পোড়াব না।” 

এই বছরের নিলামে হর্ষল বেশ ভালো পরিমাণ অর্থ পেতে পারেন বলে আশা করা হচ্ছে। এমনকী সেই অর্থটি ২-৩ কোটি টাকার অনেক বেশী হওয়ারই সম্ভাবনা। বোলিং অলরাউন্ডার আইপিএল ২০২১-এ ১৪.৩৪-এর দুর্দান্ত গড়ে ১৫ ম্যাচে রেকর্ড-সমান ৩২ উইকেট নিয়েছিলেন। তাঁর ডেথ বোলিং বিশেষত্ব এবং লোয়ার অর্ডারে ব্যাটিং দক্ষতা তাঁকে আসন্ন মেগা নিলামে একটি আকর্ষণীয় খেলোয়াড় করে তুলেছেন।

১২-১৩ ফেব্রুয়ারিতে নিলামের পর, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে টি-২০ সিরিজ খেলা হবে, যা ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। হর্ষল প্যাটেল ১৯-সদস্যের দলে রয়েছেন এবং প্রথম একাদশে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

close whatsapp