নেট বোলার থেকে মুম্বই ইন্ডিয়ান্সের দলে আকাশ মধওয়াল, সূর্যকুমারের জায়গায় দলে এলেন তিনি
আপডেট করা - May 16, 2022 9:28 pm

আইপিএলে আর দুটো ম্যাচ বাকি রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচে নামার আগেই সূর্যকুমার যাদবের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। উত্তরাখন্ডের পেসার আকাশ মাধওয়ালকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও বাকি দুই ম্যাচে তিনি প্রথম একাদশে খেলবেন কিনা, সে ব্যপারে কোনও নিশ্চয়তা নেই। সোমবারই এই নতুন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলে টানা আটম্যাচ হার। এই মরসুমে প্রথম দল হিসাবে এবার আইপিএলের মঞ্চ থেকে ছিটকে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের এটাই সবচেয়ে খারাপ পারফরম্যান্স। এখন তাদের সামনে লক্ষ্য শেষ দুটো ম্যাচ জিতে আইপিএলে যাত্রা শেষ করা। তারা ছিটকে গেলেও, একইসঙ্গে তাদের ম্যাচের ওপর কিন্তু অনেক দলের ভাগ্যও নির্ভর করছে। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স।
উত্তরাখন্ডের হয়ে ১৫টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আকাশ মধওয়াল
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। আর তাতেই চিন্তা অনেকটা বেড়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একমাত্র সফল ব্যাটার ছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু সেই সূর্যকুমার যাদবই এখন মুম্বই ইন্ডিয়ান্স শিবির থেকে ছিটকে গিয়েছেন। বাঁ হাতে চোট পেয়েই এবার গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন সূর্যকুমার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই সেই চোট পেয়েছিলেন তিনি।
তিনি ছিটকে যাওয়ার পরই তাঁর জায়গায় কোন ক্রিকেটারকে নেওয়া হবে তা নিয়ে খোঁজ শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার ব্যাটার হলেও তাঁর পরিবর্ত হিসাবে একজন বোলারকেই বেছে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আকাশ মধওয়াল অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেই রয়েছে এই মরসুমের শুরু থেকে। তবে নেট বোলার হিসাবে তিনি ছিলেন। সূর্যকুমার যাদবের ছিটকে যাওয়ার পর এই তরুণ ক্রিকেটারই এবার সুযোগ পেয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার।
ঘরোয়া ক্রিকেটে উত্তরাখন্ডের হয়ে খেলেন ২৮ বর্ষীয় আকাশ মধওয়াল। এখনও পর্যন্ত উত্তরাখন্ডের হয়ে ১৫টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আকাশ মধওয়াল। সেখানে ১৫টি উইকেট রয়েছে তাঁক ঝুলিতে। সেইসঙ্গেই তাঁর বোলিং গড় রয়েছে ২৬.৬০ এবং ইকনমি রেট রয়েছে ৭.৫৫। টি টোয়েন্টির পাশাপাশি প্রথম শ্রেনীর ক্রিকেটে খেলেছেন ৬টি ম্যাচ এবং লিস্ট-এ ম্যাচ খেলেছেন ১১টি। সব মিলিয়ে সেই ফর্ম্যাটে এই তরুণ ক্রিকেটারের রয়েছে ১৪টি উইকেট। নেট বোলার থেকে এবার সিনিয়র দলে খেলার সুযোগ। এই দুই ম্যাচেই সকলের নজর কেড়ে ফেলতে পারেন কিনা সেটাই এখন দেখার।