“আমি খুশি কিন্তু কখনই সন্তুষ্ট নই” – আইপিএল ২০২২-এর পারফর্ম্য্যান্স প্রসঙ্গে অর্শদীপ সিং

ডেথ ওভারে দুর্দান্ত ইকোনমি রেটে বোলিং করছেন অর্শদীপ

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo Source: IPL/BCCI)

পাঞ্জাব কিংস (পিবিকেএস) বাঁহাতি পেসার অর্শদীপ সিং তাঁর ফ্র্যাঞ্চাইজির হয়ে অসাধারণ পারফর্ম করছেন। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ অর্শদীপ এখনও পর্যন্ত নয়টি ম্যাচে মাত্র তিনটি উইকেট শিকার করেছেন, তবু এই বাঁহাতি পেসারের ডেথ ওভারের সময় কিছু দুর্দান্ত স্পেল ক্রিকেট বিশেষজ্ঞদের নজরে এসেছে এবং শেষের ওভারগুলিতে তাঁর রান চেপে দেওয়ার ক্ষমতা প্রশংসিত হচ্ছে।

বেশ কিছু ক্রিকেট পণ্ডিত এবং ভক্তরা এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে পেসারকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। যদিও, অস্ট্রেলিয়ার বিমানে উঠতে হলে অর্শদীপকে এরকম পারফর্ম্যান্স আরও ধারাবাহিকতার সঙ্গে করতে হবে। বাঁ-হাতি পেসার বলেছেন যে তিনি তাঁর পারফর্ম্যান্সে কখনও সন্তুষ্ট নন এবং পরবর্তী ম্যাচগুলিতে আগের চেয়েও ভালো পারফর্ম করতে চান।

দলের হয়ে পারফর্ম করতে পেরে ধন্য: অর্শদীপ সিং

শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের কাছে পাঞ্জাব কিংস ২০ রানে হেরে যাওয়ার পরে ম্যাচ-পরবর্তী উপস্থাপনা চলাকালীন অর্শদীপ বলেছেন, “আমি খুশি কিন্তু একজন ক্রীড়াবিদ কখনই সন্তুষ্ট হন না। দলের হয়ে সুযোগ পেয়ে পারফর্ম করতে পেরে ধন্য।”

“আমি ব্যক্তিগত পারফর্ম্যান্সে ফোকাস করি না কারণ এটি একটি দলীয় খেলা। আপনাকে যে ভূমিকাটি অর্পণ করা হয়েছে তা সম্পাদন করতে হবে। আমার পরিকল্পনা সবসময় ভালো জায়গায় বোলিং করা এবং ব্যাটারকে ভুল করতে বাধ্য করা এবং ডেথ ওভারে আমি যতোটা সম্ভব সহজ রাখার চেষ্টা করি বোলিং,” তিনি যোগ করেন।

উল্লেখ্য যে অর্শদীপ এখনও ভারতের হয়ে অভিষেক করতে পারেননি, তবে আইপিএলে ৩২টি ম্যাচ খেলা হয়ে গেছে। বাঁহাতি পেসার ৮.৪৮ গড়ে মোট ৩৩টি উইকেট শিকার করেছেন। চার ওভারে ৫/৩২ তাঁর সেরা পরিসংখ্যান।

এদিকে তাঁর আইপিএল দল, পিবিকেএস বর্তমানে নয় ম্যাচে চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে। কিংস ৩রা মে (মঙ্গলবার) তাদের গ্রুপ পর্বের দশম ম্যাচে নতুন প্রবেশকারী গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে।

close whatsapp