“এটা স্রেফ একটা ম্যাচ যেটা আমরা জেতার জন্য খেলব”, ভারত-পাক ম্যাচকে অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ বিরাট কোহলি
তাঁর মতে সমর্থকদের মধ্যেই অতিরিক্ত উত্তেজনা থাকে
আপডেট করা - Oct 17, 2021 7:08 pm

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন যে তিনি ভারত-পাকিস্তান ম্যাচটিকে দেখছেন “অন্য যেকোন একটি ক্রিকেট ম্যাচের মতোই”। ২৪শে অক্টোবর ভারত পাকিস্তানের বিপক্ষে তাদের টি -টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে দীর্ঘকালীন এই প্রতিদ্বন্দ্বিতা এখন কেবল আইসিসি ইভেন্টে সীমাবদ্ধ, তাদের শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২ সালে।
যদিও কোহলি মনে করেন ম্যাচ নিয়ে যাবতীয় উচ্ছ্বাস থাকে শুধুই ভক্তদের মধ্যে। অন্য প্রতিপক্ষের সামনে নামলে যেভাবে নামে, সেভাবেই পাকিস্তান ম্যাচে নামে ভারতীয় দল। অধিনায়ক আরও জানালেন যে তিনি কীভাবে তার বন্ধুদের উত্তেজক এই ম্যাচের টিকিট দিতে অস্বীকার করেছেন। তাঁর মতে টিকিটের মূল্য “হাস্যকরভাবে” বেশি।
খেলোয়াড়দের পেশাদার দৃষ্টিকোণ
“আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথা বলতে পারি আমি কখনোই পাকিস্তান ম্যাচ সম্পর্কে অতিরিক্ত উত্তেজনা অনুভব করিনি। আমি সবসময় অন্য যেকোন একটি ক্রিকেট ম্যাচের মতোই দেখেছি। আমি জানি এই ম্যাচটিকে ঘিরে প্রচুর উত্তেজনা তৈরি হয়েছে, টিকিটের চাহিদা তুঙ্গে এবং এই মুহূর্তে সেই টিকিটের মূল্য হাস্যকরভাবে বেশি,”কোহলি বলছিলেন।
“আমার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করছে যে টিকিট অবশিষ্ট আছে কিনা এবং আমি না বলেছি। সম্ভবত এটুকুই পরিবর্তন আমি খেয়াল করেছি। তাছাড়া এই ম্যাচ সম্পর্কে অতিরিক্ত কিছুই করার নেই আমাদের। এটা স্রেফ একটা ম্যাচ যেটা আমরা জেতার জন্য খেলব। হ্যাঁ, ফ্যানদের দৃষ্টিকোণ থেকে বাইরের পরিবেশ আলাদা। কিন্তু খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে, আমরা যতটা সম্ভব পেশাদার থাকি এবং ম্যাচটিকে সাধারণভাবেই দেখার চেষ্টা করি,” তিনি যোগ করেন।
মেন্টর হিসেবে ধোনির যোগদান সম্পর্কে কোহলি উচ্ছ্বসিত। তিনি স্বীকার করেছেন ধোনির উপস্থিতি দলের মনোবল বাড়াবে এবং দলকে সাহায্য করবে। সেই প্রসঙ্গে তিনি বলেন, “এমএস ফিরে আসতে পেরে উচ্ছ্বসিত, যদিও তিনি সবসময়ই আমাদের মাঝে একজন পরামর্শদাতা হিসেবে ছিলেন। ধোনি আবার সেই কাজটা করার সুযোগ পেয়েছে এবং যেসব তরুণ ক্রিকেটাররা তাদের কেরিয়ারের প্রথম বড় টুর্নামেন্টে খেলছে তারা ধোনির সাথে সময় কাটিয়ে উপকৃত হবে।”
বিরাট কোহলি ধোনিকে ফিরে পেয়ে নিজের আনন্দ গোপন করে রাখেননি। সেই সূত্রে তিনি বলেছেন, “আমরা বছরের পর বছর ধরে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা ব্যবহার করতে চাই এবং ম্যাচ, প্রতিপক্ষ ও টূর্নামেন্ট সম্পর্কে তার সাথে কথোপকথন করতে চাই। কৌশলগত ইনপুট, খেলাটি কীভাবে এগোচ্ছে এবং কীভাবে আমরা আরো উন্নতি করতে পারব ধোনির কাছ থেকে এসব শেখা উচিত। আমরা তাকে ফিরে পেয়ে খুবই আনন্দিত এবং তার উপস্থিতি অবশ্যই দলের মনোবলকে আরও বাড়িয়ে তুলবে। দল হিসেবে আমাদের নিজেদের উপর যতটা বিশ্বাস আছে, তার চেয়েও বেশি আত্মবিশ্বাস আমরা পাব ধোনির সান্নিধ্যে থেকে।”