কুলদীপ যাদবকে নেওয়ার জন্য এবার মুখিয়ে ছিল দিল্লি, চায়নাম্যান স্পিনারের প্রশংসায় রিকি পন্টিং

Kuldeep Yadav
Kuldeep Yadav. (Photo Source: IPL/BCCI)

নাইট রাইডার্সে তিনি সুযোগ পাননি, কিন্তু সেই কুলদীপ যাদবই এখন দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রধান তারকা। প্রথম ম্যাচ থেকেই তাঁর জোরালো স্পিনের সামনে দাঁড়াতে ব্যর্থ হচ্ছেন প্রতিপক্ষ দলের ব্যাটাররা। আর সেই কুলদীপ যাদবকে নিয়েই উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালসের তারকা কোচ রিকি পন্টিং। নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দেওয়ার পর থেকেই নাকি কুলদীপ যাদবের দিকে নজর ছিল দিল্লি ক্যাপিটালসের। তাঁর স্পিন যে দিল্লির অন্যতম প্রধান শক্তি হবে, তা নিয়ে কোনও সন্দেহই নাকি ছিল না রিকি পন্টিংয়ের।

গত দুই মরসুম কলকাতা নাইট রাইডার্সে থাকলেও, তাদের হয়ে মাঠে নামার সুযোগই তেমন পাননি কুলদীপ যাদব। ২০২১ সালের আইপিএলেও প্রথম পর্বে তাঁকে নাইটদের জার্সিতে দেখা যায়নি। এরপর অবশ্য দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হওয়ার সময়ই তাঁকে ছেডে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের মাঝপথে তাঁকে ছেড়ে দেওয়ার আর কোনও দল পাননি ভারতের এই তারকা চায়নাম্যান স্পিনার।

আইপিএল মরসুম শেষে নিজের ক্ষোভও উগরে দিয়েছিলেন কুলদীপ যাদব। এবারের আইপিএলে তাই সকলের চোখ ছিল ভারতের এই চায়নাম্যান স্পিনারের দিকেই। সেখানেই সকলকে চমকে দিয়ে কুলদীপ যাদবকে দলে তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। আর সেই সিদ্ধান্ত যে তাদের এতটুকু ভুল ছিল না, তা অন্তত এই কটা ম্যাচ দেখেই সকলে বুঝে গিয়েছেন।

১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে কুলদীপ যাদব

নাইট রাইডার্সে মাঠে নামার সুযোগ না পেলেও, কুলদীপ যাদবকে প্রথম তেকেই তাঁর মতো খেলার স্বাধীনতা দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লির প্রথম ম্যাচেই তিন উইকেট নিয়ে সকলের নজর কেড়েছিলেন তিনি। এরপর থেকেই কুলদীপের প্রশংসায় কোচ রিকি পন্টিং।

তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, “তাঁর জন্য যেমন পরিবেশ আমরা তৈরি করে দিয়েছি, সেখানে কুলদীপ যথেষ্ট ভালভাবে মানিয়ে নিয়েছেন। আইপিএলের মেগা নিলামে তাঁকে নেওয়ার জন্য উদগ্রীব ছিলাম। অবশ্যই কেকেআরেও এই কয়েক মরসুমে যথেষ্ট ভাল স্পিনাররা খেলেছেন। তাদের দলে ছিলেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং শাকিব অল হাসানের মতো ক্রিকেটাররা। আর সেজন্যই কুলদীপ যথাযথভাবে সেখানে সুযোগ পাননি। কিন্তু তাঁর সুযোগ পাওয়া উচিত্ ছিল। এই মুহূর্তে আইপিএলের মঞ্চে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন কুলদীপ”।

গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কাছে হারতে হয়েছে ঠিকই। কিন্তু সেই ম্যাচেও তিনি যথেষ্ট ভাল পারফরম্যাম্স দেখিয়েছেন। ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স শিবিরে ছিলেন কুলদীপ যাদব। তাঁকে ছেড়ে দেওয়ার পর এবারই কুলদীপকে ২ কোটি টাকায় নিজেদের দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে ১১টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কুলদীপ যাদব।

close whatsapp