প্রাক্তন নাইট তারকা কুলদীপের স্পিনেই বেসামাল কলকাতা নাইট রাইডার্স, বড় জয় দিল্লি ক্যাপিটালসের

Kuldeep Yadav
Kuldeep Yadav. (Photo Source: IPL/BCCI)

কেকেআরের বাতিল ঘোড়াই এদিন তাদের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের নায়ক। একাই চার উইকেট নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে শেষ করে দিলেন কুলদীপ যাদব। যদিও দিল্লির জয়ের ভিতটা এদিন গড়ে দিয়ে এসেছিলেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। তবুও দিল্লি ক্যাপিটালসের রানের পাহাড় টপকানোর একটা  চেষ্টা নাইট রাইডার্স করেছিল। কিন্তু এদিন কুলদীপের স্পিনেই শেষ হয়ে গেল কলকাতার নাইটরা। ৪৪ রানে হারল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ার তাঁর বদলা নিতে ব্যর্থ হয়েছেন ঠিকই, কিন্তু কুলদীপ নিজের লক্ষ্যে একেবারে অবচল থেকেছেন।

টানা দুবছর ধরে তাঁকে দলে রাখলেও, নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যেত না কুলদীপ যাদবকে। গতবছর তো তাঁকে শুধুই ডাগ আউটে বসে থাকতে দেখা গিয়েছিল। আর প্রতিযোগিতার মাঝপথে কুলদীপ যাদবকে ছেড়ে দেওার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাই়ডার্স। যারপর কুলদীপ যাদবকে নাইদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। জেদটা হয়ত সেই সময় থেকেই ছিল। অপেক্ষা ছিল একটা সুযোগের। এদিন নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে তাঁর সঙ্গে হওয়া অবিচারের জবাবটাই হয়ত দিলেন কুলদীপ।

নাইট রাইডার্সের বিরুদ্ধে একাই চার উইকেট নিলেন কুলদীপ যাদব

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক  শ্রেয়স আইয়ার। পরপর ম্যাচ জিতে দলও অপরিবর্তিত রাখার সিদ্ধান্তই নিয়েছিলেন তিনি। কিন্তু এদিন শুরু থেকই যেন দিনটা ছিল দিল্লি ক্যাপিটালসের। ব্যাট হাতে প্রথম থেকেই নাইট বোলারদের ওপর দাপট দেখানো শুরু পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নারের।

পাওয়ার প্লেতেই নিজেদের বড় ইনিংসের ভিতের ঝলকটা দিয়ে দিয়েছলেন তারা। পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার  ওপেনিংয়ে এদিন ৯৩ রানের পার্টনারশিপ গড়েন। ২৯ রানে ৫১ রানের ইনিংস খেলে ফেরেন পৃথ্বী শ। যদিও ওয়ার্নার এদিন ক্রিজে ছিলেন দীর্ঘক্ষণ। যদিও তাদের পার্টনারশিপটাই কিন্তু এদিন দিল্লি ক্যাপিটালসের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল। যদিও ঋষভ পন্থ এজিনও বড় রান করতে পারেননি। সেইসঙ্গে ললিত যাদবও ১ রানেই সাজঘরে ফেরেন। সুনীল নারিনের হাত ধরে খানিকটা রানের গতি কমলেও, তা বেশীক্ষণ ধরে রাখতে পারেনি কলকাতার বোলাররা।

৪৫ বলে ওয়ার্নারের ৬১ রানের ইনিংস এবং শেষ মুহূর্তে  শার্দূল ঠাকুরের ১১ বলে ২৯ রানের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে ২১৫ রান করে দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বেশী।  যদিও নাইট তারকারা শুরু থেকেই হাল ছাড়তে ছিল নারাজ। কিন্তু কুলদীপ যাদব ও বাকি বোলারদের দাপটে নাইটদের হার মানতেই হয়।

এবারের আইপিএলে নাইটদের হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস

ব্যাট হাতে এদিনও ব্যর্থ অজিঙ্ক রাহানে। যদিও শুরুটা ভেঙ্কটেশ আইয়ার বেশ ভালই করেছিলেন, কিন্তু ১৮ রানেই থামতে হয় তাঁকে। এরপরই ম্যাচের হাল ধরেন নাইট নেতা শ্রেয়স আইয়ার। সঙ্গে নীতিশ রানা। একটা বড় পার্টনারশিপের চেষ্টা থাকলেও ৩০ রানে নীতিশ রানা ফিরতেই সেই আশাও শেষ হয়ে যায়। যদিও শ্রেয়স আইয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই সময়ই দিল্লির ত্রাতা কুলদীপ যাদব। শ্রেয়স আইয়ারকে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দেন তিনি। আইপিএলের প্রথম অর্ধশতরানটা অবশ্য শ্রেয়স এদিনই পান। কিন্তু কাজে লাগল না তাঁর লড়াইটা। আর সেই থেকেই ব্রেবোর্ন স্টেডিয়ামের ক্রিজে শুরু কুলদীপের তান্ডব।

একাই নেন চার উইকেট তাও আবার ৩৫ রানের বিনিময়ে।  নাইটদের গত ম্যাচের নায়ক কামিন্সকে এদিন রানের ঝড় তোলার আগেই প্যাভিলিয়নে ফিরিয়ে দেন কুলদীপ যাদব। একইসঙ্গে নারিনও তাঁরই শিকার। আর সেইসঙ্গে নাইট রাইড়ার্সের হারও কার্যত পাকা তখন। এরপর উমেশ যাদবকেও কুলদীপ যাদবই সাজঘরে ফেরান। রাসেল বেশকিছুক্ষণ চেষ্টা চালালেও, নাইটদের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ১৭১ রানেই শেষ হয়ে যায় নাইট রাইডার্স।

close whatsapp