কলকাতার বিরুদ্ধেই সেরা কৌশলটা দেখাতে চায় দিল্লি, জানালেন তাদের বোলিং কোচ জেমস হোপস
আপডেট করা - Apr 9, 2022 10:31 pm

যে শ্রেয়স আইয়ারের ওপর এবার ভরসা রাখেনি দিল্লি ক্যাপিটালস। সেই শ্রেয়স আইয়ারিই এখন নাইট রাইডার্সের অধিনায়ক। এই মুহূর্তে লিগ টেবিলে দিল্লির থেকে অনেকটাই ওপরে বসে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার সেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই নামছে দিল্লি ক্যাপিটালস। তাদের বিরুদ্ধেই জয়ের রাস্তায় ফিরতে মরিয়া দিল্লি ক্যাপিটালস বাহিনী। আর সেইজন্য নাকি নিজেদের সেরা ছকটাই এবার প্রয়োগ করতে চলেছে দিল্লি। জানালেন দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ জেমস হোপস।
পরবর্তী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে সেই প্রসঙ্গেই কথা বলছিলেন দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ জেমস হোপস। তিনি জানিয়েছেন, “কলকাতা নাইট রাইডার্স বরাবরই যথেষ্ট ভাল দল। এছাড়া গতবার আইপিএলের ফাইনালে পৌঁছেছিল কেকেআর। সেবারই তারা তাদের দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিল। তাদের দলেই রয়েছেন দুজন বিশ্ব সেরা স্পিনার। এছাড়া নাইট রাইডার্স শিবিরে রয়েছে শক্তিশালী পেস আক্রমণ এহবং ব্যাটিং লাইনআপ। সেজন্য তাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে সেরা কৌশলটাই কাজে লাগাতে হবে। সুযোগের অপেক্ষাতেই থাকব আমরা”।
রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস
এই মুহূর্তে তিন ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে দিল্লি ক্যাপিটালস। শেষ ম্যাচেও হারতে হয়েছে তাদের। এবার নাইট রাইডার্সের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ঋষভ পন্থদের সামনে রয়েছে। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে চায় তারা। সেজন্য দলের পারফরম্যান্সে আরও উন্নতি আশা করছে টিম ম্যানেজমেন্ট। জেমস হোপস জানিয়েছেন. “এখনও পর্যন্ত আইপিএলে সেরা পারফরম্যান্স আমরা দেখাতে পারিনি। কিন্তু শেষ দুই ম্যাচে সেরা পারফরম্যান্সের অনেকটাই কাছাকাছি পৌঁছেছিলাম আমরা। সবসময়ই উন্নতির চেষ্টা রয়েছি আমরা। পরের ম্যাচে আশা করি আমরা আরও ভাল পারফরম্যান্স দেখাতে পারব”।
গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে৬ উইকেটে হেরেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেই ম্যাচে বোলারদের পারফর্ম্যান্স বেশ নজর কেড়েছিল জেমস হোপসের। সেই প্রসঙ্গে জেমস হোপস জানিয়েছেন, “লখনউয়ের বিরুদ্ধে এক সময় মনে হয়েছিল সেই ম্য়াচ জিততে পারব। আমি যে জিনিসটা দেখে সবচেয়ে বেশী খুশি হয়েছিলাম তা হল বোলারদের পাররম্যা্ন্স। সেই সময়ও তারা কতটা সাধারণ ছিল। হাতে কম রান থাকায় তারা জানত যে এই ম্যাচকে যদি শেষ দুই ওভার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় তবে জেতার একটা সুযোগ পাওয়া যেতেই পারে। আর সেই লক্ষ্যেই বোলাররা লড়াইটা চালাচ্ছিল”।
রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। সেখানেই কলকাতার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে দিল্লি। এই মুহূর্তে তিনটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে নাইটদের। তাদের বিরুদ্ধে দিল্লি জয় পেতে পারেন কিনা সেটাই এখন দেখার।