‘দুর্ব্যবহারে জড়িত ব্যক্তিকে আজীবনের জন্য নির্বাসন করা উচিত’, চাহালের হেনস্থা কাণ্ডে সরব রবি শাস্ত্রী

২০১৩ সালে সতীর্থ ক্রিকেটার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন চাহালকে

Yuzvendra Chahal
Yuzvendra Chahal. (Photo Source: IPL/BCCI)

সম্প্রতি ভারত ও রাজস্থান রয়্যালসের লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল প্রকাশ্যে জানিয়েছেন প্রায় এক দশক আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার সময় তিনি সতীর্থ ক্রিকেটারের দ্বারা হেনস্থার শিকার হয়েছিলেন। ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী এই বিষয়ে মতামত দিয়ে জানিয়েছেন যে যুজবেন্দ্র চাহালের অভিযোগে জড়িত খেলোয়াড়কে আজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত এবং সেই ক্রিকেটার যেন আর কখনও ক্রিকেট মাঠে নামতে না পারে।

চাহাল নিজের মুখেই পুরো ঘটনাটি জানিয়েছেন। ২০১৩ সালের আইপিএলে চাহাল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন। তৎকালীন ২২ বছর বয়সী চাহাল ও তাঁর সতীর্থরা বেঙ্গালুরুতে একটি ম্যাচের পর পার্টি করছিলেন। তখনই তাঁর এক সতীর্থ তাঁকে ঘরের বাইরে ডাকেন এবং হোটেলের ১৬ তলার ব্যালকনি থেকে নীচের দিকে তাঁকে ঝুলিয়ে দেন। সাক্ষাৎকারে চাহাল এতই জানান যে সেই সতীর্থ সেই সময় মদ খেয়ে প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না যদিও সেই ব্যক্তির নাম প্রকাশ করতে নারাজ তিনি।

যদিও চাহাল পুরো ঘটনাটি মজার ছলেই বলেছেন, তবুও বিষয়টি ক্রিকেট বিশেষজ্ঞরা গুরুত্ব সহকারে দেখছেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মতামত এসেছে। ৩১ বছর বয়সী স্পিনার ২০১৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে চলে গিয়েছিলেন এবং বিরাট কোহলির অধীনে খেলেছেন, যেখানে তিনি গত বছর পর্যন্ত খেলে একাধিক ম্যাচ জিতিয়েছেন দলকে। আইপিএল ২০২২ মেগা নিলামের আগে তাঁকে ধরে রাখা হয়নি এবং এই মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন।

তিনি যেন আর ক্রিকেট মাঠে না আসেন: রবি শাস্ত্রী

একটি প্যানেল আলোচনায় শাস্ত্রী বলেছেন যে চাহালের সঙ্গে দুর্ব্যবহারে জড়িত ব্যক্তিটিকে আজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত এবং যদি আজ ঘটনাটি ঘটে থাকত তবে তাঁকে রিহ্যাবিলিটেশনে পাঠানো হত। তিনি যোগ করেছেন যে উক্ত ব্যক্তিটির বোঝা উচিত ঘটনাটি মজার ছিল কি না।

“আজ যদি এমন হয়? জড়িত ব্যক্তির জন্য আজীবন নিষেধাজ্ঞা, এবং যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো। আজীবন নিষেধাজ্ঞা, তিনি যেন আর ক্রিকেট মাঠে না আসেন। তাহলে তিনি বুঝতে পারবেন এটা কতটা মজার!” শাস্ত্রী ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন।

এই ঘটনার পাশাপাশি চাহাল এই বছরের শুরুর দিকে আরসিবি পডকাস্টে আরও একটি ঘটনা প্রকাশ করেছিলেন যেখানে তিনি বলেছিলেন ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর সতীর্থ অ্যান্ড্রু সাইমন্ডস ও জেমস ফ্র্যাঙ্কলিন মদ্যপ অবস্থায় তাঁর মুখে টেপ দিয়ে একটি ঘরে বেঁধে রেখেছিলেন। 

close whatsapp