মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটার তিলক ভার্মার সংযম, শরীরী ভাষা দেখে মুগ্ধ রবি শাস্ত্রী
দুই ম্যাচ খেলে ১৭৩ স্ট্রাইক রেটে মোট ৮৩ রান করেছেন তিলক
আপডেট করা - Apr 6, 2022 6:37 pm

ফেব্রুয়ারিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মেগা নিলামের সময় পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) যখন তাঁকে ১.৭ কোটি টাকায় কিনেছিলেন তখন থেকেই বাঁ-হাতি ব্যাটার তিলক ভার্মা লাইমলাইট দখল করেছেন। তরুণ ব্যাটারটি অনেক সম্ভাবনা দেখিয়েছেন এবং প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী সহ একাধিক ক্রিকেট বিশেষজ্ঞের দৃষ্টি আকর্ষণ করেছেন।
যদিও এমআই তাদের আগের দুটি ম্যাচ হেরেছে, তবে তিলক অসাধারণ পারফর্ম করেছেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাত্র ৩৩ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। তিনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর অভিষেক ম্যাচে মাত্র ১৫ বলে ২২ রানের একটি সংক্ষিপ্ত কিন্তু চিত্তাকর্ষক ইনিংস খেলেন।
তার শট নির্বাচনে অনেক বৈচিত্র্য রয়েছে: তিলক ভার্মা সম্পর্কে রবি শাস্ত্রী
রবি শাস্ত্রী তিলক ভার্মার ব্যাটিং দেখে মুগ্ধ এবং অভিষেক মরসুমেই তিলক যে সংযম দেখিয়েছেন তার প্রশংসা করেছেন। ১৯ বছর বয়সী ব্যাটারকে একজন আত্মবিশ্বাসী খেলোয়াড় হিসাবে অভিহিত করে তাঁর উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী। “মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে যে দুটি ইনিংস খেলেছে তাতেই সে প্রচুর সম্ভাবনা দেখিয়েছে। আমি তার শট দেখে মুগ্ধ – সামনের পায়ে, পিছনের পায়ে, সুইপ। তার শট নির্বাচনে অনেক বৈচিত্র্য রয়েছে,” স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ শোতে শাস্ত্রী বলেছেন।
“একজন তরুণ খেলোয়াড় হিসেবে তার সংযম, শারীরিক ভাষা এবং মেজাজ দারুণ। সে খুব আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করেছে। এই খেলোয়াড়ের সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিলক ভার্মা তার ব্যাটিংয়ে ইতিবাচক অভিপ্রায় দেখিয়েছে এবং এটি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ভালো লক্ষণ। একবার সূর্যকুমার যাদব প্রথম একাদশে ফিরে এলে মুম্বইয়ের মিডল অর্ডার আরও শক্তিশালী হবে,” যোগ করেছেন শাস্ত্রী।
উল্লেখ্য, ১৯ বছর বয়সী এই মেগা নিলামে এসেছিলেন ২০ লক্ষ টাকার ন্যূনতম মূল্য নিয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসসহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে পেতে আগ্রহী ছিল। যদিও, এমআই শেষ অবধি তিলককে পেতে সফল হয়।
পাঁচবারের চ্যাম্পিয়নরা এখনও আইপিএল ২০২২-এ একটিও জয় অর্জন করতে পারেনি। এমআই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চার উইকেটে এবং তারপরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৩ রানে হেরেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি ৬ই এপ্রিল (বুধবার) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে।